নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তারুণ্যের দুঃসাহস ও প্রেরণা নিয়ে সেদিন এই বিপ্লবীরা ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। ভারতবর্ষকে স্বাধীনতার চেতনায় জাগিয়ে তুলেছিলেন। আজকের তরুণদের মনেও সেই রকম দুঃসাহস রয়েছে। আমাদের বিভিন্ন জাতীয় সমস্যায় তাঁদের সাহস নিয়ে এগিয়ে আসতে হবে।’ মুহাম্মদ ইউনূস বলেন, ‘বিনোদ বিহারী চৌধুরী আমাদের গর্বের প্রতীক। আমরা এমন এক দেশের মানুষ, যে দেশ তাঁর মতো বিপ্লবীর জন্ম দিয়েছে।’ গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জে এম সেন হলে প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। গতকাল প্রবীণ এই বিপ্লবী ১০০ বছরে পা দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ভারতী রায়, রাজনীতিক আতাউর রহমান খান কায়সার, অধ্যাপিকা মহফুজা খান, অধ্যাপক সিকান্দর খান, চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার এ কে গোস্বামী বক্তব্য দেন। কবি ও সাংবাদিক আবুল মোমেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিনোদ বিহারীও বক্তৃতা করেন। আরও অনেক বছর বাঁচার ইচ্ছা প্রকাশ করে বিনোদ বিহারী চৌধুরী বলেন, ‘মানুষের সেবা করতে, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে আমি আরও বাঁচতে চাই। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আর আপনারা সাহস হারাবেন না।’প্রবীণ বিপ্লবী বলেন, ‘আজ আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমার প্রাপ্য নয়। আমি উপলক্ষ মাত্র। ভীরুতা-কাপুরুষতা ত্যাগ করার, সাহস ও স্বদেশপ্রেমের প্রেরণা পেয়েছিলাম মাস্টারদা সূর্য সেনের কাছে। এ সম্মাননা মাস্টারদারই প্রাপ্য।’ মুহাম্মদ ইউনূস বলেন, সেদিন তরুণ বিপ্লবীদের সামনে একটি লক্ষ্যবস্তু ছিল—ব্রিটিশদের হটাতে হবে। আজকের কি লক্ষ্য নেই? আজকে কেন তারা লক্ষ্য খুঁজে পাচ্ছে না? দারিদ্র্য, স্বাস্থ্য ও জলবায়ুর মতো এখনো আমাদের হাজারো সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে বিপ্লবীদের মতো দুঃসাহস নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে। জালালাবাদ যুদ্ধের স্থান জালালাবাদ পাহাড়ে একটি স্মৃতিস্তম্ভ করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘বিপ্লবী বিনোদ বিহারী ১০০ বছর ধরে আদর্শের পতাকা বহন করছেন। তিনি আরও অনেক দিন আমাদের সাহস ও সত্ পথের নিদর্শন দিয়ে যাবেন—এই প্রত্যাশা করি।’অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বিপ্লবীদের স্মৃতি ধরে রাখতে আমরা আশা করব, জালালাবাদ পাহাড়ে একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হোক। ১৯৮০ সালে একটি স্মৃতিস্তম্ভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। কিন্তু তা আজও গড়ে ওঠেনি।’ অনুষ্ঠানের শেষ দিকে সংগীত ও নৃত্য পরিবেশন করেন যথাক্রমে রেজওয়ানা চৌধুরী বন্যা ও শর্মিলা বন্দ্যোপাধ্যায়। আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এর আগে সকালে ডিসি হিলের মুক্তমঞ্চে বিনোদ বিহারী শপথবাক্য পাঠ করান। এ সময় ‘মুক্তিযুদ্ধের গল্প’ শীর্ষক আলোচনায় অংশ নেন বেগম মুশতারী শফি, অভিনেতা খায়রুল আলম সবুজ, ফারুক-ই-আজম, শীলা মোমেন। বিনোদ বিহারীকে জন্মদিনে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি ফুল দিয়ে শুভেচ্ছা জানান।