বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গন স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালে সুনসান শিল্পকলা একাডেমী। সোমবার সন্ধ্যার চিত্র  প্রথম আলো
হরতালে সুনসান শিল্পকলা একাডেমী। সোমবার সন্ধ্যার চিত্র প্রথম আলো

বছরের এই সময়টাতে রাজধানীর নাট্যাঙ্গন থাকে উৎসবমুখর। মানুষ ঘুরে বেড়ায় সাংস্কৃতিক অঙ্গনে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। রাজনৈতিক অস্থিরতা আর টানা হরতালে স্থবির হয়ে পড়েছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। এ অঙ্গনে যেমন দর্শকের উপস্থিতি কমেছে, তেমনি অনুষ্ঠান আয়োজনে উৎসাহ দেখাচ্ছে না সংশ্লিষ্টরা। পূর্বনির্ধারিত অনুষ্ঠানসূচি থাকলেও হরতালের কারণে অনুষ্ঠানগুলো বাতিল করতে বাধ্য হচ্ছেন আয়োজকেরা।
গত কয়েক দিন দেখা গেছে, শিল্পকলা একাডেমী, জাতীয় জাদুঘর কিংবা শিশুপার্কে দর্শনার্থীদের উপস্থিতি খুবই কম। সেই সঙ্গে রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে ছিল দর্শক-সংকট।
গত সপ্তাহে শিল্পকলা একাডেমী বেশ কিছু অনুষ্ঠানের ঘোষণা দিলেও হরতালের আগের দিন তার বেশ কিছু স্থগিত করে। শনিবার রাতে শিল্পকলা একাডেমীর জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা রোববারের একাডেমীর নিজস্ব অনুষ্ঠান ‘দশ সুরে দশ নৃত্য’ বাতিল করে। জানতে চাইলে শিল্পকলা একাডেমীর জনসংযোগ শাখার কর্মকর্তা ইয়াসিন হাওলাদার বলেন, ‘আমাকে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত অনুষ্ঠানটি বাতিল হয়েছে বলে সংবাদমাধ্যমে জানাতে।’ তবে একাডেমীর একাধিক সূত্র জানায়, হরতালের কারণে এই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
হুমকির মুখে পড়েছে দেশের চলচ্চিত্রশিল্পও। রাজধানীর একাধিক সিনেমা হলে গিয়ে হল প্রায় ফাঁকা দেখা গেছে। মূল ফটক সম্পূর্ণ না খুলেই চলছে চলচ্চিত্র প্রদর্শন। এ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিঞা আলাউদ্দিন জানান, রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনের সময় চলচ্চিত্র মুক্তি না দেওয়াই উচিত।
মধুমিতা, অভিসার, জোনাকি, রাজমণি, আনন্দ, বলাকাসহ রাজধানীর বিভিন্ন সিনেমা হলে বাড়তি নিরাপত্তা নিতে দেখা গেছে। সামান্য কিছু হল খোলা থাকলেও সেখানে দর্শকের সংখ্যা ছিল খুবই কম। গতকাল দুপুরে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের গেটের সামনে দেখা গেল ক্ষমতাসীন দলের কর্মীদের সমাবেশ। মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন বলেন, একটি ছবি হলে চালাতে গেলে অগ্রিম টাকা দিতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানকে। হরতালের কারণে দিনের পর দিন প্রদর্শনী বন্ধ রাখার ফলে পুরো টাকাটাই লোকসান গুনতে হচ্ছে। হরতালের দিনগুলোতে প্রদর্শনী বন্ধ রেখেছেন বলে জানালেন তিনি।
হরতালের প্রভাব পড়েছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতেও। শিশুপার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং উদ্যানগুলো ছিল প্রায় দর্শকশূন্য। শিশুপার্কের সহকারী প্রকৌশলী নুরুজ্জামান জানালেন, চলতি মাসের প্রথম দুই দিন ১ ও ২ নভেম্বর টিকিট বিক্রি হয়েছিল যথাক্রমে এক লাখ ৮৪ হাজার ও ৯৫ হাজার টাকার। ৩ নভেম্বর হরতালের আগের দিন বিক্রি কমে মাত্র ১১ হাজার টাকায় গিয়ে দাঁড়ায়। গতকাল দুপুরে শিশুপার্কে গিয়ে দেখা যায়, লোকসমাগম নেই বললেই চলে। একজন কর্মী জানালেন, লোকজন এত কম যে অনেকগুলো রাইড সারা দিন চালুরই প্রয়োজন হয় না।
রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে টেলিভিশন মিডিয়াতেও। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাকুর মজিদ বলেন, বেশি সমস্যা হয় তারকাদের শুটিংয়ের সময় পেতে। কারণ, শিল্পীদের সময় আগে নেওয়া থাকে। কোনো কারণে নির্দিষ্ট দিনে শুটিং না হলে পরবর্তী সময়ে সেই তারকার সময় মেলানো কঠিন হয়ে পড়ে। এতে প্রযোজকেরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন, তেমনি কাজের ওপরও প্রভাব পড়ে। নির্ধারিত সময়ে চ্যানেলে অনুষ্ঠান সরবরাহ করা যায় না।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রথম আলোকে বলেন, হরতাল এখন প্রতিবাদের ভাষা নয় বরং সহিংসতার মাধ্যমে পরিণত হয়েছে। মানুষের মাঝে তৈরি হয়েছে আতঙ্ক। এ অঙ্গনে যেমন দর্শক আসছে কম, তেমনি হরতালের মধ্যে শিল্পীরাও আসতে পারছেন না।