বিনোদন পার্কের জন্য ঘাঘট থেকে ফের বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসলি জমি হুমকিতে ফেলে রংপুরে ঘাঘট নদ থেকে অবৈধভাবে বালু তুলে দুই একর জায়গা ভরাট করা হচ্ছে। এই জমিতে একটি বেসরকারি প্রতিষ্ঠান বিনোদন পার্ক করবে। এ জন্য স্থানীয় এক ব্যক্তিকে দিয়ে তারা পুনরায় বালু তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে দেখা গেছে, রংপুর শহরের বেতারপাড়া (পুরোনো বেতার কেন্দ্র) এলাকার ঘাঘট নদের মাঝখানে দুটি শ্যালো মেশিন বসানো হয়েছে। ওই মেশিনের পাইপ দিয়ে ২৪ ঘণ্টা একটানা বালু উত্তোলন করা হচ্ছে।এলাকাবাসী অভিযোগ করেন, অবাধে বালু তোলায় ঘাঘট নদের উত্তরে সদর উপজেলার উত্তম ইউনিয়নের বেতারপাড়া ও দক্ষিণে রাজেন্দ্রপুর ইউনিয়নের বখতিয়ারপুর এলাকার দুই পাড়ে আবাদি জমি ভাঙছে।বালু তোলার কারণে যাদের জমি ভাঙছে তাদের মধ্যে বখতিয়ারপুর এলাকার সেকেন্দার আলী একজন। তিনি বলেন, ‘নদী থাকি বালু তোলায় এর আগোত কিছু জমি নদীত গেইছে। আরও কিছু জমি ভাঙি যাইবে।’ একই এলাকার আবদুর রশিদ বলেন, ‘এমন করি বালু তোলার বিষয়টি উপজেলা অফিসের ইউএনও স্যারোক জানাছি। এরপর কিছুদিন বন্ধ ছিল। আবার নতুন করি শুরু হইছে বালু তোলা।’অনুসন্ধানে আরও জানা গেছে, এর আগে প্রায় দেড় একর নিচু জমি ভরাট করেছে ডায়মন্ড পারটেক্স কোম্পানি। এবার তারা নিজেরা বালু তুলছে না। প্রতিষ্ঠানটি দুই একর জায়গা বালু দিয়ে ভরাট করার জন্য সাইফুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তির সঙ্গে চুক্তি করেছে। তবে কত টাকার বিনিময়ে এই বালু তোলার কাজ দেওয়া হয়েছে, তা জানা যায়নি।সাইফুল ইসলাম বলেন, এখান (নদ) থেকে বালু তোলা হচ্ছে, তাতে তো কোনো ক্ষতি নেই।এলাকাবাসী অভিযোগ করেন, রাজেন্দ্রপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফেরদৌস আলম পুরো বিষয়টি জানার পরও তেমন কোনো উদ্যোগ নেননি। ফেরদৌস আলম মুঠোফোনে বলেন, ‘বেশ কয়েকবার বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছিল। আবারও বালু উত্তোলন করা হচ্ছে বলে জানতে পেরেছি।’ এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হয় না কেন জানতে চাইলে তিনি মুঠোফোন রেখে দেন।ডায়মন্ড পারটেক্স কোম্পানির ব্যবস্থাপক আবুল বাশার বলেন, ‘আমরা বালু তুলছি না। নিচু জমি ভরাটের জন্য একজনের কাছ থেকে বালু কেনা হয়েছে।’ এই বালু তো ঘাঘট নদ থেকে তোলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটি আমাদের দেখার বিষয় নয়। ওই দুই একর জায়গায় বিনোদন পার্ক করা হবে।’সদর উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফরহাদ আহমেদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি কেউ জানালে উদ্যোগ নেওয়া হবে।’সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাইন বিল্লাহ বলেন, এর আগে ওই নদের একই স্থান থেকে বালু উত্তোলনের জন্য শ্যালো মেশিনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। সেখান থেকে নতুন করে বালু তোলার বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।