বিনোদনকেন্দ্র থেকে পোশাকশ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত বিনোদনকেন্দ্র ‘স্বপ্নপুরী’ থেকে পুলিশ শামীম হোসেন (৩০) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে। এ সময় বেবী নাজনীন (১৮) নামের এক তরুণীকে আটক করা হয়। বিনোদনকেন্দ্রের ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, ১২ আগস্ট রাতে শামীম হোসেন ও বেবী নাজনীন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ‘চাঁদনী’ নামের আবাসিক ভবনের ৯ নম্বর কক্ষ ভাড়া নেন। আবাসিক ভবনের রেজিস্ট্রারে পরিচয় পাতায় শামীম হোসেন গাজীপুর জেলার জরুন এলাকার আবদুল বাসেকের ছেলে ও বেবী নাজনীন পার্বতীপুর উপজেলার সুলতানপুর (সরদারপাড়া) মহল্লার নুরুল ইসলামের মেয়ে বলে উল্লেখ করেন। সকালে তিনি শামীম হোসেনের মৃত্যুর খবর পান। এ সময় বেবী নাজনীন তাঁকে জানান, রাত দুইটার পরে ঘুম থেকে উঠে তিনি শামীমকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বেবী নাজনীন সাংবাদিকদের জানান, তিনি ও শামীম হোসেন গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন। ছয় মাস আগে তাঁরা বিয়ে করেন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বেবী নাজনীনকে ৫৪ ধারায় আটক করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।