বিনোদনকেন্দ্রে চাঁদাবাজি
রংপুরের গঙ্গাচড়া উপজেলার অন্যতম বিনোদনকেন্দ্র ভিন্নজগতের দর্শনার্থীরা প্রায়ই চাঁদাবাজদের হয়রানির শিকার হচ্ছে। এতে দর্শনার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই বিনোদনকেন্দ্রটিতে দর্শনার্থীর সংখ্যা অনেক কমে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সালে গঙ্গাচড়ার খলেয়া গঞ্জিপুর এলাকায় বিনোদনকেন্দ্রটি গড়ে তোলা হয়। এখানে প্ল্যানিটরিয়ামসহ নানা ধরনের রাইড রয়েছে। প্রতিদিন নানা শ্রেণী-পেশার মানুষ এখানে ঘুরতে আসে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কিছু বখাটে যুবক দর্শনার্থীদের হয়রানি করছে। দর্শনার্থীদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এ নিয়ে প্রতিদিনই ঘটছে অপ্রীতিকর ঘটনা। এদিকে ১৮ মার্চ চাঁদাবাজির প্রতিবাদ করায় বিনোদনকেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম কামাল ও তাঁর গাড়ির চালক যোবায়দুলকে ২৫ থেকে ৩০ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় লাখ খানেক টাকাসহ বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয় চাঁদাবাজেরা। যোবায়দুল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে চিকিৎসা নিয়ে পরদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে এস এম কামাল ১৭ জনকে আসামি করে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন। এ ঘটনায় ২৩ মার্চ মামলার অন্যতম আসামি সুকারু মিয়া ও শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
২১ মার্চ বিনোদন কেন্দ্রটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে গিয়েছিলেন একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, সেদিন তাঁকেও চাঁদা দিতে হয়েছে। বিষয়টি কাউকে জানালে তাঁর প্রাণনাশ করা হবে বলে হুমকিও দেওয়া হয়।
মামলার এজাহার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিনোদনকেন্দ্রটির প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার কিছু লোকজনের অনৈতিক দাবি ছিল। এসব দাবি পূরণ না হওয়ায় পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের বাধা প্রদান এবং কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছিল। ১৪ মার্চ ভিন্নজগতের ভেতর এস এম কামাল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করছিলেন। একপর্যায়ে এলাকার কয়েকজন যুবক কেন্দ্রের ব্যবস্থাপক জিয়াউর রহমান ও কর্মচারী তহুর আহমেদের কাছে চাঁদা দাবি করে। এ সময় এস এম কামালকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এস এম কামাল প্রথম আলোকে বলেন, এলাকার কিছু সন্ত্রাসী প্রায় দিন দর্শনার্থীদের কাছ থেকে মুঠোফোন কেড়ে নেয়। প্রতিবাদ করলে দর্শনার্থীদের মারধর করা হয়। সন্ত্রাসীরা চাঁদাও দাবি করে। এ কারণে কয়েক কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করা বিনোদনকেন্দ্রটি মারাত্মক হুমকির মুখে পড়েছে।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান প্রথম আলোকে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মামলার আসামিরা খুবই দুর্ধর্ষ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।