বিনোদনকেন্দ্রের আশপাশের দোকানে খাবারের দাম ঠিক করবে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিনোদনকেন্দ্রগুলোর আশপাশের সব খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁর খাবারের দাম আগামী ১ অক্টোবর থেকে নির্ধারণ করে দেবে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক, সোনারগাঁ পৌরসভার প্যানেল মেয়র নাসিম পাশা, সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, পিরোজপুর ইউপির চেয়ারম্যান মাসুদুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা।
জাহিদ হাসান জিন্নাহ বলেন, দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা সোনারগাঁয়ের বিভিন্ন বিনোদনকেন্দ্র ও ঐতিহ্যবাহী পুরাকীর্তি পরিদর্শন করতে আসেন। পর্যটকেরা বিভিন্ন সময় অভিযোগ করেছেন, বিনোদনকেন্দ্রগুলোর আশপাশের খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় পর্যটকদের জিম্মি করে খাবারের অতিরিক্ত টাকা আদায় করা হয়। তা ছাড়া এসব দোকানে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ দীর্ঘদিনের।
পরে সভায় সিদ্ধান্ত হয়, ১ অক্টোবর থেকে সব খাবারের দোকান ও রেস্তোরাঁয় খাবারের দাম নির্ধারণ করে দেবে উপজেলা প্রশাসন। প্রতিটি দোকানে মূল্যতালিকা টাঙিয়ে দেওয়া হবে, যাতে দোকানদারেরা পর্যটকদের কাছ থেকে বেশি দাম আদায় করতে না পারেন।
সভায় খাবারের দাম নির্ধারণ করে দেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে কমিটি গঠন করা হয়।