বিনোদনকেন্দ্রের জন্য আক্ষেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে মুন্সিগঞ্জের বিভিন্ন সেতু, নদী, রিসোর্ট ও চরে মানুষের উপচে পড়া ভিড় ছিল। পর্যাপ্ত বিনোদনকেন্দ্র না থাকায় মানুষকে দুর্ভোগে পড়তে হয়। এ জন্য বিনোদনপ্রেমী মানুষের মধ্যে আক্ষেপ ছিল।

গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার বেড়িবাঁধ, লঞ্চঘাটে পা ফেলার মতো জায়গাও ছিল না। জেলার ছোট-বড় সেতুগুলোতেও প্রচণ্ড ভিড় ছিল। মুক্তারপুর, বেতকা, বালুরচর, যোগিনীঘাটসহ বিভিন্ন সেতুতে ছিল নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষের ভিড়।

লৌহজংয়ের পর্যটনকেন্দ্র পদ্মা রিসোর্ট আর চরে মানুষের ঢল নামে। পদ্মার চর, পদ্মা ও মাওয়া রিসোর্ট, বেজগাঁও মৃধাবাড়ি, শামুর বাড়ি, জগদীশচন্দ্র বসুর বাড়ি, ইউনুছ খান কমপ্লেক্স এলাকায় মানুষের উপচে পড়া ভিড় ছিল।

পদ্মা রিসোর্টের ব্যবস্থাপক মো. মান্না বলেন, ঈদের ছুটিতে ঘুরতে আসা পর্যটকদের স্বাগত জানাতে আগে থেকেই ঘষামাজা আর ধুয়ে-মুছে প্রস্তুত করা হয় রিসোর্টের ১২টি কটেজ। প্রস্তুত ছিল পর্যটকদের পারাপারের জন্য দুটি সাজানো ট্রলার।

ঈদের নামাজের পর থেকেই মানুষের ঢল নামে পদ্মার পারে। ঘুরতে আসা এসব মানুষের উচ্ছ্বাস যেমন অনেক বেশি ছিল, তেমনি আক্ষেপও কম ছিল না। শহর রক্ষা বাঁধে ঘুরতে আসা ছালেহা বেগম বলেন, ‘আমি আমার ছেলেমেয়েদের নিয়ে বেড়াতে বের হয়েছি। মুন্সিগঞ্জ শহরে ঘোরার তেমন জায়গা নেই। নেই দেখার মতো ভালো কিছু। তাই ব্রিজ, রাস্তা, গাড়ি আর বেড়িবাঁধেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে।’

মুন্সিগঞ্জ চারুকলা সংস্থার সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব বলেন, ‘মুন্সিগঞ্জ জেলা ঢাকার খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও এ জেলার মানুষের জন্য কোনো পার্ক, বিনোদনকেন্দ্র নেই। আমরা অনেক আগে থেকেই প্রশাসনের কাছে বিনোদনকেন্দ্র নির্মাণের দাবি জানিয়ে আসছি।’

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক শায়লা ফারজানা বলেন, ‘মুন্সিগঞ্জে সত্যিই বিনোদনের তেমন কোনো জায়গা নেই। তবে আমরা শহরে প্রবীণদের জন্য খুব শিগগির প্রশান্তি নামে একটি পার্ক নির্মাণ করতে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘সব বয়সী মানুষের বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণের কথাও ভাবছি। জায়গা পেলেই আমরা তা করব।’