‘বিনোদবিহারী চৌধুরীর চট্টগ্রাম, সূর্য সেনের চট্টগ্রাম মৌলবাদের চট্টগ্রাম হতে পারে না, হতে দেওয়া যায় না। আমরা যদি তাঁর কাজকে উত্তরাধিকারী হিসেবে টেনে নিয়ে যেতে পারি, তাতেই তিনি বেঁচে থাকবেন।’গতকাল শনিবার বিকেলে নগরের মুসলিম হলে বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী নাগরিক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। স্মরণসভার আয়োজন করে বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী নাগরিক স্মরণসভা পরিষদ। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। স্বাগত বক্তব্য দেন নাগরিক স্মরণসভা পরিষদের সম্পাদক কবি-সাংবাদিক আবুল মোমেন। আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট লেখক মফিদুল হক, সাংবাদিক আবেদ খান, শহীদজায়া মুশতারী শফী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, আসমা সিরাজউদ্দিন, চিত্ত প্রসাদ তালুকদার, কবি-সাংবাদিক অরুণ দাশগুপ্ত, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি চন্দন দাশ, কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাশ। এর আগে স্মরণসভায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাব পড়েন ফেরদৌস আরা আলীম। জীবনী পাঠ করেন অমল কান্তি দাশ। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিনোদবিহারীর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।