বিন্দুমাত্র ছাড় দেব না: চট্টগ্রামের এসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড মডেল থানা এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এসপি নুরে আলম মিনা। ছবি: প্রথম আলো
সীতাকুণ্ড মডেল থানা এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এসপি নুরে আলম মিনা। ছবি: প্রথম আলো

‘কোর্টের বিষয় কোর্টে মোকাবিলা করতে হয়। জজ কোর্টে না হলে হাইকোর্টে যাবে। তাতে না হলে সুপ্রিম কোর্টে যাবে। সর্বশেষ রাষ্ট্রপতির কাছে। এ প্রসেস নিয়ে যদি অগ্নিসংযোগ করা হয়, তাহলে আদালত অবমাননা হবে। অন্তর্ঘাতমূলক কাজ করলে বিন্দুমাত্রও ছাড় দেব না।’

আজ মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড মডেল থানার ড্রেন-কালভার্ট, ড্রিলশেড কাম গ্যারেজ, সীমানাপ্রাচীর এবং তোরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা। তিনি বলেন, ‘পুলিশকে নষ্ট জনগণই করে। জনগণ জনপ্রতিনিধি নির্বাচন করে। সেই জনপ্রতিনিধিরা পুলিশকে নষ্ট করে। তাহলে জনগণই পুলিশকে নষ্ট করে।’

পুলিশের কর্মঘণ্টা বেশি উল্লেখ করে এসপি সরকারি হাসপাতালের চিকিৎসকদের তুলনা দিয়ে বলেন, ‘একজন চিকিৎসক সরকারি লোক। তার ডিউটির বাইরে সে প্র্যাকটিস করে। সরকারি হাসপাতাল থেকেও প্রাইভেট ক্লিনিক এবং অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারে ভালো চিকিৎসা পায় রোগীরা এবং ডাক্তার সাহেবের সামনে এক-দুই মিনিট সার্ভিস নেবেন, আপনার ন্যূনতম ৫০০ টাকা ফি দিতে হয়। একজন ডাক্তার যদি দিনে ১০০ রোগী দেখেন, তাহলে দিনে ৫০ হাজার টাকা আয় হয়। তাহলে মাসে ১৫ লাখ টাকা অতিরিক্ত আসে।’

এসপি আরও বলেন, ‘সারা পৃথিবীর পুলিশের ডিউটি দিনে আট ঘণ্টা করে। কিন্তু আমাদের পুলিশ ডিউটি করে ১৮ ঘণ্টা। যেটা সায়েন্টিফিক না। আট ঘণ্টার বাইরে আলাদা কোনো বেতন নেই। কিন্তু বিদেশে তার বাড়তি ডিউটির সম্মানী রয়েছে। বিদেশে আমাদের পুলিশের অনেক সুনাম আছে।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়া, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা, পৌর মেয়র বদিউল আলম, কমিউনিটি পুলিশের উপদেষ্টা মাস্টার আবুল কাসেম প্রমুখ।