জীবনে বড় হতে হলে লক্ষ্য ঠিক করতে হবে। নিজের স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে মনোযোগী হতে হবে। নিজের মধ্যে বিনয় থাকতে হবে, তাহলে সফলতা ধরা দেবে।
গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বিনয় ও সফলতা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন ‘পিএইচপি ফ্যামিলির’ চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
প্রধান আলোচকের বক্তব্যে সুফি মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানুষকে ভালোবাসতে হবে। সবাইকে সম্মান করতে হবে। কাউকে হেয় করা যাবে না। নিজ লক্ষ্যে অটুট থাকতে হবে।
উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিনয় ও সফলতা একই সূত্রে গাঁথা। নিজেকে বিনয়ী, সেবাপরায়ণ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার সাধনা ছাত্রদের অন্যতম প্রধান দায়িত্ব।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহামেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রমুখ।