বিপজ্জনক, কঠিন ও নোংরা—এই তিন ধরনের কাজের জন্য বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় আনা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামেদি। নিজ দেশের কর্মীরা সেসব সেক্টরে কাজ করতে আগ্রহী না হওয়ায় আর কোনো উপায় নেই বলেই মালয়েশিয়া সরকার এই পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। মালয়েশিয়ার দ্য স্টার পত্রিকায় গতকাল শনিবার এ খবর ছাপা হয়েছে।
আগামী তিন বছরে বাংলাদেশ থেকে প্রায় ১৫ লাখ কর্মী নেওয়ার কথা মালয়েশিয়ার। এ বিষয়ে গত শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মালয়েশিয়ার উপপ্রধান মন্ত্রী বলেন, ‘এই কাজের জন্য ওই সব বাংলাদেশি কর্মীকেই নেওয়া হবে, যাঁদের শিক্ষাগত যোগ্যতা এসব কাজের জন্য প্রাসঙ্গিক হয়। পাশাপাশি শ্রমিকেরা যে ধরনের কাজ গ্রহণ করবেন, সে বিষয়ে মৌলিক প্রশিক্ষণও তাঁদের দেওয়া হবে।’
‘বাংলাদেশ সরকার যেভাবে মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠায়, এটা হবে ঠিক সে রকমই’, বলেন মন্ত্রী জাহিদ হামেদি।
আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই শ্রমিক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়ে জাহিদ হামেদি বলেন, এটি দুই দেশের সরকারের মিলিত একটি প্রচেষ্টা। আমরা চাইব না নিয়োগকারীর হাতে কোনো শ্রমিক নিগৃহীত হোক।
তবে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্তে মালয়েশিয়া সরকারের ওপর বিরূপ দেশটির কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। তাই বাংলাদেশি শ্রমিকদের সে দেশে নেওয়ার যৌক্তিক ভিত্তি তুলে ধরতে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনার টেবিলে বসবেন বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী হামেদি।