বিপজ্জনক ভটভটিতে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবৈধ যানাবহন ভটভটিতে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করছে ছাত্রছাত্রীরা। সব জেনেও অভিভাবক, বিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশাসন—সবাই বিষয়টি সম্পর্কে উদাসীন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। জেএসসি পরীক্ষায় ৫০টি স্কুলের তিন হাজার ৩৮৫ জন ও জেডিসি পরীক্ষায় ৪৪টি মাদ্রাসার এক হাজার ৩৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। জেএসসি পরীক্ষা হচ্ছে চারটি কেন্দ্রে এবং জেডিসি পরীক্ষা হচ্ছে দুটি কেন্দ্রে।
কয়েকজন অভিভাবক জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এসব পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের ক্ষেত্রে যানবাহনের স্বল্পতা একটা বড় সমস্যা। আর এ সমস্যাকে কাজে লাগাচ্ছেন ভটভটির চালকেরা। অভিভাবকেরাও নিরুপায় হয়ে বিপজ্জনক জানার পরেও সন্তানদের ভটভটিতে করে পরীক্ষাকেন্দ্রে পাঠাচ্ছেন। এ ছাড়া কম খরচের কারণেও ওই যানে ছেলেমেয়েকে পাঠাতে রাজি হয়ে যাচ্ছেন অনেক অভিভাবক।
উপজেলার আটমূল বিরাজ উদ্দিন মাদ্রাসার সুপারিনট্যান্ডেন্ট এমদাদুল হক বলেন, ‘কম খরচে ভটভটিই ভরসা—এ কথা সমর্থন করা যায় না। কারণ প্রায় একই খরচে রিকশাভ্যানেও পরীক্ষার্থীরা যাতায়াত করতে পারে। অভিভাবকদের সচেতনতার অভাবেই এমনটা ঘটছে।’ তিনি আরও বলেন, ‘আমার মাদ্রাসার দুই পরীক্ষার্থী তৃতীয় পরীক্ষাটি শেষে ভটভটিতে চড়ে ফিরছিল। পথে বড় বেলঘড়িয়া এলাকায় তারা দুর্ঘটনায় আহত হয়েছে।’
উপজেলার কাশীপুর গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক মাহমুদ হোসেন (৫০) বলেন, ‘চার বছর আগে উপজেলার সৈয়দপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের একদল জেএসসি পরীক্ষার্থী ভটভটিতে চড়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ছয়জন নিহত হয়। এ ঘটনার পর এলাকায় ভটভটি চলাচল বন্ধের দাবিতে মিছিল, মানববন্ধন, স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে ছাত্রছাত্রী, অভিভাবকেরা। এতে কয়েক দিন এলাকায় ভটভটি চলাচল বন্ধ ছিল। পরে আবারও তা চলাচল শুরু করে।’
শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব আতাউর রহমান বলেন, ‘যাতায়াতের বিষয়টি সম্পূর্ণ অভিভাবকদের ব্যাপার। তাঁরা কীভাবে সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন সেটা বিদ্যালয় কর্তৃপক্ষের ভাবার কথা নয়। আমরা যতটুকু পারি, এ রকম বিপজ্জনক যানবাহনে শিক্ষার্থীদের না পাঠাতে অভিভাবকদের বলি।’
শিবগঞ্জ উন্নয়ন কমিটির (শিউক) মহাসচিব তৌহিদুর রহমান বলেন, ‘এ উপজেলায় সড়ক দুর্ঘটনায় যত মানুষ আহত-নিহত হয়, তার বেশির ভাগই ভটভটির যাত্রী। তিন চাকাবিশিষ্ট এই বাহনে নেই কোনো কার্যকর গতিনিয়ন্ত্রণ ও সতর্কসংকেত যন্ত্র (হর্ন)। নেই প্রশিক্ষিত চালক। তার পরও লোকজন ঝুঁকি নিয়ে ভটভটিতে চলাচল করছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মণ্ডল বলেন, পরীক্ষার্থীরা যেন বিপজ্জনক যানবাহনে না আসে, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।