বিপজ্জনক সেই ২২ বাঁক অবশেষে প্রশস্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনা রোধে অবশেষে ঢাকা-আরিচা মহাসড়কের বিপজ্জনক সেই ২২টি বাঁক প্রশস্ত ও সোজা করা হচ্ছে। পাশাপাশি ওই বাঁকগুলোতে সড়ক বিভাজক বসিয়ে চার লেনে বিভক্ত করা হচ্ছে।গত বছরের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন। ওই দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের অধিক দুর্ঘটনাপ্রবণ বিপজ্জনক ২২টি বাঁক নিয়ে প্রথম আলোতে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে কোনো বাঁকে ১০০ মিটার, আবার কোনো বাঁকে ২০০ মিটার পর্যন্ত এলাকায় উভয় পাশে ১১ ফুট করে প্রশস্ত করা হবে। এরপর প্রতিটি বাঁকেই সড়ক বিভাজক তৈরি করে তার ওপর এমএস পাইপ পুঁতে চার লেনে বিভক্ত করা হবে। এতে প্রতিটি বাঁকে ব্যয় হবে ৬০ লাখ থেকে এক কোটি টাকার ওপরে।জানা গেছে, ইতিমধ্যে মহাসড়কের মানিকগঞ্জ অংশের সাঁটুরিয়া উপজেলার গোলরা, ঘিওরের জোকা ও মানিকগঞ্জ পুলিশ লাইনের অদূরে উঁচুটিয়া বাঁকের উন্নয়নকাজ শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব কাজ শেষ হবে। বাকি বাঁকগুলোর উন্নয়নকাজ পর্যায়ক্রমে শেষ করা হবে।গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, গোলরা ও জোকা বাঁকে মহাসড়কের উভয় পাশে সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। এ ছাড়া বাঁক দুটির মাঝামাঝি স্থানে পাইপ গেড়ে বাঁক এলাকা দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। প্রশস্তকরণের কাজ শেষ হলে পাইপ পুঁতে আরও দুই লেনে বিভক্ত করা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আলী মিয়া বলেন, বাঁকগুলোতে বসানো সড়ক বিভাজক আরও মজবুত করা দরকার। এ ছাড়া বাঁকগুলোর শুরুর স্থানে (উভয় পাশে) বিশেষ সতর্কীকরণ চিহ্নের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে চালকেরা আগে থেকেই সতর্ক হতে পারেন।মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, মহাসড়কে দুর্ঘটনার হার কমাতে বাঁকগুলোর উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থের জোগান পাওয়া গেলে আগামী তিন মাসের মধ্যে বিপজ্জনক ২২টি বাঁকই চার লেনে উন্নীত করা হবে।যোগাযোগমন্ত্রীর পরিদর্শন: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি মহাসড়কে দুর্ঘটনা রোধে বেশ কিছু পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-আরিচা সড়ককে মহাসড়ক বললে ভুল হবে, এটি একটি মরণফাঁদ। এই মরণফাঁদ থেকে মানুষকে বাঁচাতে আপাতত বিপজ্জনক বাঁকগুলো সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’