বিপজ্জনক হয়ে উঠছে কাশীনাথপুর মোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-ঢাকা মহাসড়কের কাশীনাথপুর মোড় ও এর উভয় পাশের এলাকায় সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণ ঝরছে। চলতি বছরের ১০ মাসে ওই এলাকায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক। হাইওয়ে পুলিশ ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদসূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ, পরিবহনশ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাশীনাথপুরের মহাসড়ক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার প্রধান কারণ চারটি। সেগুলো হলো নছিমন, করিমন, সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চাকার যানের অবাধ চলাচল; অদক্ষ চালক দ্বারা বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচল; ফিটনেসবিহীন যানবাহন এবং মহাসড়কের পাশে অবৈধ করাতকল ও হাটবাজার গড়ে ওঠা।
খোঁজ নিয়ে জানা গেছে, কাশীনাথপুর মোড় ও এর উভয় দিকের এক কিলোমিটার অংশ বেড়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলার অন্তর্ভুক্ত। এই অংশটি ইতিমধ্যেই অত্যধিক দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে কুখ্যাতি অর্জন করেছে। চলতি বছরের গত ১০ মাসে ওই এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। আহত হয়েছেন শতাধিক। তিন উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটায় হতাহতের অনেক ঘটনাই পুলিশের নথিভুক্ত হয়নি।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম সুলতান মাহমুদ বলেন, ‘কাশীনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় চলতি বছর আমরা আটজনের মৃত্যুর ব্যাপারে জেনেছি এবং মামলা করেছি। ছোটখাটো দুর্ঘটনা ঘটলে সেগুলোর অনেক খবরই আমাদের কাছে আসে না। সেগুলোর ব্যাপারে সাঁথিয়া বা আমিনপুর থানায় তথ্য থাকতে পারে।’ তিনি আরও বলেন, কাশীনাথপুরে অপরিকল্পিত হাটবাজার গড়ে ওঠার পাশাপাশি ধীরগতির তিন চাকার যানবাহনের পরিমাণ বেশি। এর সঙ্গে চালকদের বেপরোয়া গতি যুক্ত হওয়ায় কাশীনাথপুর হয়ে উঠেছে দুর্ঘটনাপ্রবণ এলাকা।
তবে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইজউদ্দিন বলেন, কাশীনাথপুরের মহাসড়কে অবৈধ নছিমন-করিমন, সিএনজিচালিত অটোরিকশা আর অটোভ্যানের দাপটে অন্যান্য বড় যানবাহনের চলাচলই একরকম মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এ বছর যে দুর্ঘটনাগুলো ঘটেছে, তার প্রায় সব কটির পেছনেই ওই যানগুলো দায়ী। যাঁরা হতাহত হয়েছেন, প্রায় সবাই ওই সব যানবাহনের যাত্রী। ওই সব যানবাহনের চলাচল মহাসড়কে বন্ধ হলে কাশীনাথপুর অনেকটাই দুর্ঘটনামুক্ত হবে বলে তিনি মনে করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কাশীনাথপুর এলাকায় চলতি বছর ২০টির বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ আগস্ট সকালে কাশীনাথপুর মোড়ের কাছে ফুলবাগান নামক স্থানে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হন। ১৩ আগস্ট কাশীনাথপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে বাস ও নছিমনের সংঘর্ষে নিহত হন দুজন। ২২ জুন ইটবোঝাই ভটভটি উল্টে গেলে নিহত হন দুজন। ১৬ এপ্রিল বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে স্কুলশিক্ষকসহ তিনজন নিহত হন।
কাশীনাথপুর মোড় ও এর উভয় পাশের এলাকা ঘুরে দেখা গেছে, মোড়ে যাত্রীর জন্য ভিড় করে আছে অসংখ্য নছিমন-করিমন, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোভ্যান। মোড় থেকে পাবনার দিকে সামান্য যেতেই চোখে পড়ে সাত-আটটি করাতকল। এসব কলে গাছের গুঁড়ি মহাসড়কের পাশে ও অংশজুড়ে রাখায় ওই এলাকাটি হয়ে উঠেছে বিপজ্জনক। মোড় থেকে বগুড়ার দিকে সামান্য এগোতেই দেখা যায়, মহাসড়ক দখল করে বসেছে হাট। এ ছাড়া মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট।
বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মোহাম্মদ সেলিম বলেন, ‘অবৈধ করাতকল ও দখলদার উচ্ছেদের ব্যাপারে সওজ আমাদের সহযোগিতা চাইলে আমরা অবশ্যই তা করব। নছিমন-করিমন, সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চাকার যান মহাসড়কে যাতে না চলে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’
সওজের পাবনার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, কাশীনাথপুর মোড় বিপজ্জনক হয়ে ওঠায় ঝুঁকিমুক্ত করতে সেখানে একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় মোড়ের রাস্তা কিছুটা সোজা করার পাশাপাশি মহাসড়ক চওড়া ও বিভাজক নির্মাণ করা হবে। অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করা হবে। সড়ক দুর্ঘটনা রোধে সওজের যেমন ভূমিকা রয়েছে, তেমনি পরিবহনচালক, সাধারণ মানুষ ও পুলিশেরও সহায়তার প্রয়োজন রয়েছে। সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমবে।