বিপজ্জনক ২২ মোড়, ঘটছে একের পর এক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশপাশের প্রায় সব মহাসড়ক ও আঞ্চলিক সড়কই সরু ও এক লেনবিশিষ্ট। অপরিকল্পিতভাবে নির্মিত এসব সড়কে রয়েছে বিপজ্জনক সব মোড় ও গতিরোধক। ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্ত ২২টি বিপজ্জনক মোড় রয়েছে। গত আট মাসে এসব মোড়ে সড়ক দুর্ঘটনায় ১২০ জন প্রাণ হারিয়েছে। প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি প্রস্থেও অনেক কম। পাশাপাশি দুটি যান থাকলে মানুষের হাঁটাচলা কষ্টকর হয়ে পড়ে। সওজ বিভাগ সূত্র জানায়, মহাসড়কটির গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২০ কিলোমিটারেরও বেশি এলাকা দুই লেনবিশিষ্ট। আর নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত ৫০ কিলোমিটার অংশ এক লেনবিশিষ্ট সরু সড়ক। এ অংশে রয়েছে বিপজ্জনক বেশ কিছু মোড়।পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্ত ৫০ কিলোমিটার অংশে নবগ্রাম, উথলী, ফলসাটিয়া, বরঙ্গাইল, মহাদেবপুর, পাচুরিয়া, পুখুরিয়া, জোকা, বানিয়াজুরী, তরা ক্রস ব্রিজ, মুলজান, উচুটিয়া, জায়গীর, গোলড়া, বাথুলি, সুতিপাড়া, ইসলামপুর ও নয়ারহাটসহ ২২টি স্থানে বিপজ্জনক মোড় রয়েছে। এর মধ্যে উথলী, বরঙ্গাইল, পুখুরিয়া, তরা ক্রস ব্রিজ, উচুটিয়া, জায়গীর ও গোলড়া সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ স্থান।মহাসড়কের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় রয়েছে অপরিকল্পিত একটি সেতু। সেতুটি এতটাই উঁচু যে সেতুর ওপর ওঠার আগে এক পাশ থেকে অন্য পাশের যানবাহন দেখা যায় না। এ ছাড়া দুর্ঘটনারোধে মহাসড়কের জায়গীর, গোলড়া, নয়াডিঙ্গি, ধামরাই থানা রোড, গণস্বাস্থ্য হাসপাতাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে নির্মাণ করা হয়েছে গতিরোধক। অপরিকল্পিতভাবে দেওয়া এসব গতিরোধকও অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। মানিকগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়, ঢাকার সাভার ও আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, গত বছরের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আট মাসে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১২০ জন এবং আহত হয়েছে সহস্রাধিক। এসব দুর্ঘটনার অধিকাংশই ঘটেছে বিপজ্জনক মোড়গুলোতে।উথলী মোড় নামে এই সংযোগস্থলে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় ৯০ ডিগ্রি মোড় নিয়েছে। বিপজ্জনক এই মোড়েই গত বছরের ৩১ জুলাই জিপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম (৫২) ও বাংলাদেশ কুটির শিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান (৫৫) নিহত হন। সমপ্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক জরিপেও মহাসড়কটিতে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিপজ্জনক মোড় ও ত্রুটিপূর্ণ সড়ক নির্মাণকেই দায়ী করা হয়েছে। মৃত্যুর হার কমিয়ে আনতে এসব ত্রুটি দূর করার সুপারিশও করা হয়েছে বুয়েটের ওই জরিপ প্রতিবেদনে।মানিকগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার বশাক প্রথম আলোকে বলেন, মহাসড়কে যেসব কারণে দুর্ঘটনা ঘটে তার মধ্যে বিপজ্জনক মোড় একটি অন্যতম কারণ। সড়কটি নির্মাণের সময় এ বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে সড়কের ত্রুটিগুলো দূর করতে বর্তমানে জরিপের কাজ চলছে। জরিপ শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।