বিপজ্জনক ২৫ বাঁক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-কুয়াকাটা ৭২ কিলোমিটার মহাসড়কে ২৫টি বিপজ্জনক বাঁক রয়েছে। এগুলোয় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত এক বছরে এই সড়কে দুর্ঘটনায় মারা গেছে ৫০ জন এবং আহত হয়েছে আরও প্রায় দেড় হাজার।সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করছে, এমন একটি বেসরকারি সংস্থা এনএসএসের তথ্যানুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ১৪৪টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় মারা যায় ৫০ জন এবং আহত হয় এক হাজার ৪২১ জন। সংস্থার নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না জানান, আহত ব্যক্তিদের মধ্যে অন্তত এক-তৃতীয়াংশ মানুষ পঙ্গু হয়ে গেছে। সড়কের বাঁকগুলোর পাশাপাশি বেপরোয়াভাবে গাড়ি চালানো, চালকদের অসচেতনতা, মহাসড়কে অবাধে টমটম চলাচল ও অদক্ষ মোটরসাইকেলের চালকদের কারণে দুর্ঘটনা ঘটছে।গত বছরের ২০ মে বরগুনা জেলা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক দেবাশীষ সরকার (২৬) মারা যান। তিনি বরগুনার কর্মস্থল থেকে মোটরসাইকেলে পটুয়াখালী শহরের নিজ বাসায় ফেরার পথে পাডুখালী বাঁকে একটি পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যান। এর আগে ১৫ মে ছুঁড়িকাটা গাজীবাড়ি এলাকার বাঁকে যাত্রীবাহী বাসের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষে মারা যায় তুলি আক্তার নামের এক কলেজছাত্রী। এ সময় তার সহপাঠী রেবিনা গুরুতর আহত হয়। এর আগে ৫ মার্চ কলঙ্কবাজার বাঁকে বাসের ধাক্কায় টমটমযাত্রী আবদুর রব (৪৫) নিহত হন। এ সময় আহত হন অন্য যাত্রী রুস্তুম আলী (৮৫)। এভাবে বাঁকগুলোয় এক বছরে ১৪৪টি দুর্ঘটনা ঘটে।সরেজমিনে দেখা গেছে, সড়কের বাঁধঘাট, বশাক বাজার (গাজীবাড়ি), পক্ষিয়া, পাডুখালী, শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ইটভাটা, কেওয়াবুনিয়া সরকারি বিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ, মহিষকাটা বাসস্ট্যান্ডের উত্তর ও দক্ষিণ, সাহেববাড়ি, ঘটখালীর উত্তর ও দক্ষিণ, আমতলী ফায়ার সার্ভিস স্টেশন, আমতলী পুরনো বাসস্ট্যান্ড, কলাপাড়া প্রবেশমুখ, ছুঁড়িকাটা গাজীবাড়ি বাজার, মানিকঝুড়ি বাজার, টিয়াখালী খুড়িয়ার খেয়াঘাট, উত্তর টিয়াখালী, ফকিরবাড়ি বাজার, খাকিয়ানি বাজার, কলঙ্কবাজার, চারঘাট বাজার ও বান্দ্রা এলাকায় বাঁক রয়েছে। এসব বাঁকের পাশে রয়েছে বড় বড় গাছ। সড়কও তেমন প্রশস্ত নয়। মোড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিছু দেখা যায় না। অথচ প্রতিদিন কয়েক শ যানবাহন এই সড়কে চলাচল করে।পটুয়াখালী বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, ‘আমরা সড়ক বিভাগকে কয়েকবার চিঠি দিয়ে সড়কের বিপজ্জনক বাঁকের পাশের গাছগুলো কেটে দেওয়ার কথা বলেছি। এ ছাড়া সড়কে পর্যাপ্ত সতর্কীকরণ সাইনবোর্ড লাগাতেও বলা হয়েছে।’বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পটুয়াখালীর পরিচালক আজাদ মিয়া জানান, চালকদের আনাড়িপনা ও অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটে। পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার জানান, এই সড়কের বেশ কিছু বাঁক খুবই বিপজ্জনক। দুর্ঘটনা এড়াতে সড়কের পাশের গাছগুলো কেটে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে। বাঁকগুলো প্রশস্ত করার কোনো প্রকল্প এখনো নেওয়া হয়নি।