বিপজ্জনকভাবে নৌপথ পাড়ি দিচ্ছেন যাত্রীরা
ঈদফেরত শত শত যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ভোলা-ইলিশা ও লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট মেঘনা নৌপথ অবৈধ ইঞ্জিনের নৌকায় চড়ে পাড়ি দিচ্ছেন। বিআইডব্লিউটিসি, ইলিশা ঘাট কর্তৃপক্ষের দাবি, গত পাঁচ বছরে এ পথে কমপক্ষে ২০টি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। যাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত লঞ্চ ও সি-ট্রাক না চলায় তাঁরা বাধ্য হয়ে জীবনবাজি রেখে ছোট নৌকায় উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন। এ অবস্থায় ভোর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ত্রুটিমুক্ত নৌযান চলাচল জরুরি বলে মনে করেন তাঁরা। কারণ, এ পথ ব্যবহার করে বরিশাল-খুলনা-ঢাকা-সিলেট-চট্টগ্রামের যাত্রীরা গন্তব্যে পৌঁছান। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা জেলার দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর নাসিম আহমেদ জানান, ইলিশা-মজু চৌধুরীর হাট নৌপথে যে ইঞ্জিনের নৌকায় যাত্রী পারাপার করা হয়, তা সম্পূর্ণ অবৈধ ও অনিরাপদ। গত ২৫ অক্টোবর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একটি নৌকা জব্দ করা হয়েছে। ওই পথে নিয়মিত টহলের জন্য কোস্টগার্ডকে চিঠি দেওয়া হয়েছে। কোস্টগার্ডের দক্ষিণাঞ্চলের জোনাল কমান্ডার ক্যাপ্টেন সেলিম রেজা চিঠি পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ওই নৌপথে প্রয়োজনের তুলনায় লঞ্চ ও সি-ট্রাক কম। ফলে যাত্রীরা বাধ্য হয়ে নৌকায় পারাপার হচ্ছেন। এখানে ত্রুটিমুক্ত নৌযান বাড়ানো উচিত। ইলিশা ফেরিঘাটের ইজারাদার ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বলেন, একসময় এ পথে শুধু সি-ট্রাক ও অবৈধ নৌকায় যাত্রী পার হতো। তখন বেশি বেশি নৌকাডুবি হতো। এখন ত্রুটিমুক্ত নৌযানের সংখ্যা বেড়েছে। আরও বাড়ানো উচিত। তা হলে নৌকাডুবি এবং অবৈধ নৌকার সংখ্যা শূন্যে নেমে আসবে। ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘অবৈধ যাত্রীবাহী নৌকা বন্ধে ভ্রাম্যমাণ অদালত নামাব।’ গত মঙ্গল ও বুধবার সরেজমিনে ইলিশা ও তার পার্শ্ববর্তী রাজাপুর চডারমাথা ফেরিঘাটে গিয়ে দেখা গেছে, সকাল ১০টা থেকে রাত আটটা-নয়টা পর্যন্ত শত শত যাত্রী নিয়ে অবৈধ নৌকাগুলো যাত্রী পারাপার করছে। এসব যাত্রী বরিশাল-খুলনা-ঢাকা-সিলেট ও চট্টগ্রাম বিভাগের। ফেরিঘাটের কর্মকর্তাদের ভাষ্য, ভোলা-ইলিশা ফেরিঘাট থেকে লক্ষ্মীপুর মজু চৌধুরীরর হাটের উদ্দেশে দুটি ফেরি, দুটি সি-ট্রাক, পাঁচটি লঞ্চ ও ৩০ থেকে ৩৫টি ইঞ্জিনের নৌকা যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। একমাত্র ইঞ্জিনের অবৈধ নৌকা ছাড়া বাকি সব নৌযান সকাল ১০টার মধ্যে মজু চৌধুরীর হাটের উদ্দেশে ছেড়ে যায়। একইভাবে মজু চৌধুরীর হাটের ঘাট থেকে বেলা একটার মধ্যে অবৈধ নৌকা ছাড়া সব নৌযান ভোলা-বরিশালের উদ্দেশে ছেড়ে আসছে। চরফ্যাশন উপজেলার চর মানিকার ৮ নম্বর ওয়ার্ডের আসিফ হাওলাদার, লালমোহনের বদরপুর ইউনিয়নের নাজিরপুরের জাহাঙ্গীর, বোরহানউদ্দিনের গঙ্গাপুরের রফিক মাঝি, ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের চর চন্দ্রপ্রসাদ গ্রামের আবুল হোসেন রাঢ়িসহ একাধিক যাত্রীর ভাষ্য, ইলিশা-মজু চৌধুরীর হাট নৌপথটি জনগুরুত্বপূর্ণ হলেও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এ পথের নৌযানগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। কিন্তু যাত্রীদের চাহিদামতো ত্রুটিমুক্ত নৌযান দিচ্ছে না। এখানে যে লঞ্চ চলছে, তা-ও ত্রুটিযুক্ত। যাত্রীদের দাবি, এ পথে সকাল-সন্ধ্যা ত্রুটিমুক্ত নৌ-সেবা চালু করা হোক।