প্রায় ৫৫ বছর পর বেসামরিক বিমান চলাচল আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এর অন্যতম লক্ষ্য, বিপজ্জনকভাবে বিমান চালালে পাইলটের জেল-জরিমানা বাড়ানো, দুর্ঘটনার শিকার ব্যক্তি বা তাঁর পরিবারকে সহায়তা এবং আকাশসীমা লঙ্ঘন করলে শাস্তি নির্ধারণ করা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া নীতিগত অনুমোদনের জন্য আলোচ্যসূচিতে রয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুর্বল নিরাপত্তাব্যবস্থা, স্ক্যানার মেশিন যথেষ্ট কার্যকর না হওয়া এবং এর অপারেটরদের অদক্ষতা দেখে যুক্তরাজ্যের অসন্তোষ প্রকাশের মধ্যে এই আইন প্রণয়ন হতে যাচ্ছে। যুক্তরাজ্যের বিমান নিরাপত্তা পর্যবেক্ষণের দায়িত্বে থাকা আঞ্চলিক কর্মকর্তা জন লেগোভস্কির নেতৃত্বে তিন সদস্যের একটি নিরাপত্তা দল এখন ঢাকায়। ইতিমধ্যে ওই দলটি অসন্তোষের কথা সরকারকে জানিয়েছে। এর আগে গত বছরের ১১ নভেম্বর সরেজমিনে পরিদর্শনের পর জন লেগোভস্কি অসন্তোষ প্রকাশ করেছিলেন। এরপর সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সূত্র বলেছে, নতুন আইনে বিমানযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) প্রযোজ্য নীতিমালা অনুসরণ করা হয়েছে। ওই নীতিমালার পাশাপাশি দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে প্রস্তাবিত আইনে বেশ কিছু শাস্তির বিধান রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, কোনো পাইলট বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিপজ্জনকভাবে বিমান চালালে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। পাইলটের কারণে অন্য কোনো বিমান এবং ভূমি বা পানিতে অবস্থানকারী কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে তাঁকে এই শাস্তি পেতে হবে। সুরক্ষা ও নিরাপত্তার কারণ ছাড়া কোনো ব্যক্তি অবৈধভাবে বিমান নিয়ে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলে শাস্তি সর্বোচ্চ সাত বছর ও সর্বনিম্ন তিন বছর কারাদণ্ড এবং ন্যূনতম দুই কোটি টাকা অর্থদণ্ড। এ ছাড়া আরও কিছু দেওয়ানি শাস্তি রয়েছে, যেগুলো বিধি দিয়ে নির্ধারণ করা হবে।
জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক মান অর্জনে এবং ক্যাটাগরি-১-এ পৌঁছাতে চাইলে ব্রিটিশ আমলের ওই আইন দিয়ে তা সম্ভব নয়। এ জন্য নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, বিদেশিরা প্রথমেই বলেন, ‘তোমাদের আইন দুর্বল, এটা নেই, ওটা নেই।’ আইনটি হলে এসব প্রশ্নের মুখোমুখি আর হতে হবে না।
মন্ত্রী বলেন, ১৯৬০ সালের দ্য সিভিল এভিয়েশন অধ্যাদেশ প্রণয়নের পর বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বিমান খাতে ব্যাপক উন্নতি হয়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং অধ্যাদেশটি যুগোপযোগী করতে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।
মন্ত্রণালয়ের সূত্র বলেছে, পুরোনো অধ্যাদেশে ১৯টি ধারা থাকলেও নতুন আইনে ৪৪টি ধারা রয়েছে। ছয়টি মন্ত্রণালয় আইনটির ওপর মতামত দিয়েছে। এই আইনটির পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ আইনের খসড়াও প্রায় চূড়ান্ত পর্যায়ে। এটিও শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।