বিপণিকেন্দ্রগুলোতে চলছে ভোর পর্যন্ত কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নিউমার্কেটের বিক্রয়কর্মী আলী আশরাফ বলেন, ‘আমাদের এখন এক মুহূর্তও বসার সুযোগ নেই। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ক্রেতাদের চাপও তত বাড়ছে। প্রায় দিনই ভোর রাতে সেহিরর সময় বাসায় ফিরি। আর চট্টগ্রামে চাঁদ রাতে (ঈদের আগের দিন রাতে) প্রায় সকাল পর্যন্তই চলে ঈদের কেনাকাটা।নগরের নিউমার্কেট, মিমি সুপার মার্কেট, আমিন সেন্টার, সানমার ওস্যান সিটি, আখতারুজ্জামান সেন্টার, সেন্ট্রাল প্লাজা, রিয়াজ উদ্দিন বাজার, টেরিবাজার, হকার্স মার্কেটসহ সবগুলো বিপণিকেন্দ্রেই প্রায় একই অবস্থা চোখে পড়ে।মো. আলমগীর দুই ছেলেকে নিয়ে হকার্স মার্কেটে আসেন তাদের ঈদের জামা কিনতে। বললেন, ‘ছেলেদের কেনাকাটা সেরে রাতে আবার নিউমার্কেটে আসব পরিবারের বাকিদের কেনাকাটার জন্য। কারণ এ বেলায় মহিলারা তো ঘরের কাজে ব্যস্ত থাকেন।’নিউমার্কেট ব্যবসায়ী সমিতির (বিপণিবিতান ওয়েলফেয়ার কমিটি) সভাপতি সৈয়দ খুরশীদ আলম বলেন, ‘এবার দিনের চেয়ে রাতের বেলাতেই কেনাকাটা বেশি হচ্ছে। আগে যেখানে ইফতারের পর থেকে রাত দুইটা-আড়াইটা পর্যন্ত ক্রেতার চাপ ছিল, এখন সেখানে ভোর রাত তিনটা-চারটা পর্যন্ত কেনাকাটা চলছে।’ আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারে কথা হয় আসিফ আহমেদ নামে এক তরুণের সঙ্গে। তিনি বললেন, ‘এখনো তেমন কিছু কেনা হয়নি। দেখছি লেটেস্ট কী এসেছে। আমার মনে হয়, চাঁদ রাতে ছাড়া কেনা হবে না। তখন সব শেষ বাজারে আসা পোশাকটাই কিনব, সে রকমই আশা আছে।’ সানমার ওস্যান সিটিতে ছোট বোনসহ তানজিনা আখতার আসেন ঈদের স্যান্ডেলের খোঁজে। তাঁর মতে, ‘ঈদের সময় অত দিন-রাতের হিসাব করতে পারি না। বিভিন্ন মার্কেটে ঘুরতে গিয়েই তো রাত হয়ে যায়।’ক্রেতার ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন টেরিবাজারের তৈরি পোশাক বিক্রেতা মো. সাইফুদ্দিন। বললেন, ‘ক্লান্ত হয়ে পড়েছি। ভোর রাত পর্যন্ত দোকানে থাকি। তারপর আবার সকাল ১০-১১টার দিকে ফিরে আসি। আর একদিন পর ঈদের ছুটি পাব, তারপর লম্বা ঘুম দেব।’সানমার ওস্যান সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদ ইফতেখার বলেন, ‘আমাদের মার্কেট ঈদের দিন থেকে ১০ দিন বন্ধ থাকবে।’ মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘আমরা ঈদের দিন থেকে এক সপ্তাহ দোকানপাট বন্ধ রাখব।’ টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতির ওসমান গণি বলেন, ‘আমরা কার্যকরী কমিটির সিদ্ধান্ত মতে, ঈদের দিন থেকে চার দিন পর্যন্ত দোকান বন্ধ রাখি। এবার ব্যবসায়ীদের ওপর চাপ যাচ্ছে বেশি। আর চাঁদ রাতে তো তাঁদের ভোর পর্যন্তই দোকানে থাকতে হবে। এসব কিছু বিবেচনা করে আমরা ছুিটর দিন বাড়াতে পারি। এ ব্যাপারে কমিটির সবাই মিলে বসব।’