বিপণিবিতান থেকে ৫০ ভরি স্বর্ণ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের গ্রিন টাওয়ার নামের বিপণিবিতানের একটি দোকান থেকে দুর্বৃত্তরা অন্তত ৫০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।
দোকান মালিক আলী করিম চৌধুরী জানান, গ্রিন টাওয়ারের তৃতীয় তলায় আল হেরা অ্যান্ড চৌধুরী জুয়েলার্সে এ চুরি সংঘটিত হয়। গত শুক্রবার জুমার নামাজের আগে দোকান বন্ধ করে তাঁরা বাড়ি চলে যান। গতকাল শনিবার বেলা ১১টায় তিনি দোকান খুলে ভেতরে ঢুকে মালামাল এলোমেলো দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের তিন নিরাপত্তাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।