বিপণিবিতান নির্মাণে গাছ উজাড়
শরীয়তপুর জেলা পরিষদের ডাকবাংলো ভেঙে বহুতল বিপণিবিতান নির্মাণ করা হচ্ছে। এ জন্য অনুমোদন ছাড়াই ৩৯টি গাছ কাটা হচ্ছে। জেলা শহরের পানি নিষ্কাশনের একমাত্র খালটির কিছু অংশ ভরাট করা হচ্ছে। উচ্ছেদ করা হচ্ছে ডাকবাংলোর পাশে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। শরীয়তপুর জেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ডাকবাংলোর দুটি ভবন ভেঙে ও তার আশপাশের আরও জায়গা নিয়ে ৬১ শতাংশ জায়গার মধ্যে সাততলাবিশিষ্ট বিপণিবিতান নির্মাণ করার জন্য গত বছরের ৩১ মার্চ দরপত্র আহ্বান করা হয়। ৪২ কোটি ৭২ লাখ ২৮ হাজার ৩৩১ টাকায় কিংডম বিল্ডার্সকে গত ফেব্রুয়ারিতে কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি সীমানাপ্রাচীর নির্মাণ ও খাল ভরাট করছে। ডাকবাংলোর ৩৯টি গাছ কাটা হচ্ছে। নিয়মানুযায়ী গাছ কাটার আগে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অনুমোদন নেওয়া হয়নি। ডাকবাংলোর পাশ দিয়ে প্রবহমান খালটি জেলা শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল। ৩৪ ফুট প্রশস্ত খালটির কিছু অংশ ভরাট করে কালভার্ট নির্মাণ করা হবে।জেলা পরিষদের প্রশাসক মজিবুর রহমান মাস্টার বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গাছ কাটার অনুমোদন পেতে সময় লাগবে। তাই সভা করে গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।