বিপণিবিতান হবে, পুকুর ভরাট করছে পৌরসভা
ফরিদপুর পৌর শহরের হেলিপোর্ট ও কাঠপট্টি এলাকায় শতবর্ষের পুরোনো দুটি গুরুত্বপূর্ণ পুকুরের আংশিক ভরাট করে দুটি বিপণিবিতান নির্মাণ করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে মাস খানেক আগে এ কাজ শুরু হয়েছে। হেলিপোর্ট পুকুরটির দৈর্ঘ্যে প্রায় ১৮০ ফুট ও প্রস্থে ২৭ ফুট ভরাট করে বিপণিবিতান নির্মাণের কাজ চলছে। এলাকার লালন মৃধা জানান, শত বছরের পুরোনো এ পুকুরে এলাকাবাসী গোসল ও কাপড়চোপড় ধোয়াসহ বিভিন্ন কাজ করে। ওই এলাকায় এটি ছাড়া আর বড় কোনো পুকুর নেই। তাই আশপাশে আগুন লাগলে তা নেভাতে এই পুকুরের পানিই মূল ভরসা। ঠিকাদার ইউনুস হাসানের কাজের তদারকিতে নিয়োজিত শহরের লক্ষ্মীপুর মহল্লার নাসির আহমেদ জানান, এখানে তিনতলার ভিত্তি দিয়ে একটি বিপণিবিতাণের প্রতি তলায় ১৪টি করে দোকান নির্মাণ করা হবে। এ ছাড়া শহরের কাঠপট্টি এলাকার পুকুরটির কিছু অংশ ভরাট করেও বিপণিবিতান নির্মাণের কাজ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, শতবর্ষের পুরোনো এ পুকুরটির দক্ষিণ প্রান্তে দৈর্ঘ্যে প্রায় ২০০ ফুট ও প্রস্থে আট ফুট ভরাট করে পৌর বিপণিবিতান নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে সেখানে ঘাটলার একটি বড় অংশ ভেঙে ফেলা হয়েছে। এ কাজ করছেন ঠিকাদার দেবদাস গুপ্ত। কাজের তদারকিতে নিয়োজিত সহকারী ঠিকাদার সাইদুল শেখ জানান, পাঁচতলা ভিত্তি দিয়ে প্রথম পর্যায়ে দোতলা পর্যন্ত এ বিপণিবিতানটি নির্মাণ করা হচ্ছে। পুকুরপাড়ের পানের দোকানদার সাগর সর্দার জানান, এই পুকুরের পাশে কাঠপট্টি, গুড় বাজার, তিতুমীর বাজার, জুতা পট্টি এবং ঝিলটুলি আবাসিক এলাকা। এলাকাটি ঘনবসতিপূর্ণ। এলাকার লোকজন এই পুকুরের পানি গোসলসহ নানা কাজে ব্যবহার করে। আশপাশের কোথাও আগুন লাগলে দমকল বাহিনী এই পুকুর থেকেই পানি নেয়। পুকুর ভরাট করে বিপণিবিতান নির্মাণের সমালোচনা করে ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি আলতাফ হোসেন বলেন, দুটি পুকুরই ওই সব এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতবার তিতুমীর বাজারে আগুন লেগেছে, ততবারই আগুন নেভাতে এই পুকুরের পানি ব্যবহার করা হয়েছে। পুকুর ভরাট করে বিপণিবিতান নির্মাণ সংগত হচ্ছে না। আমি মনে করি, পৌর কর্তৃপক্ষ বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখতে পারে। পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মকবুল হোসেন গতকাল বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পুকুর ভরাট করতে হলে পৌরসভাকে আমাদের অনুমতি নিতে হবে। কিন্তু পৌরসভা আমাদের অনুমতি নেয়নি। অভিযোগ পেলে এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’বিপণিবিতান করার জন্য দুটি নয়, একটি পুকুর আংশিক ভরাট করা হয়েছে—দাবি করে ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেন, ‘হেলিপোর্ট এলাকায় আমাদের যে জায়গায় বিপণিবিতান করার কথা বলে লোকজনের কাছ থেকে টাকা নিয়েছি, পরে জানতে পারলাম ওই জায়গার মালিক পৌরসভা নয়। তাই বিপণিবিতাণ নির্মাণ করার জন্য সেখানে পুকুরটির আংশিক ভরাট করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না।’ তিনি আরও দাবি করেন, কাঠপট্টির পুকুর ভরাট করে নয়, পুকুরপাড়ে বিপণিবিতান হচ্ছে। তবে বিপণিবিতান করার সময় মাটি পুকুরে ফেলা হয়েছে। নির্মাণকাজ শেষ হলে ওই মাটি সরিয়ে ফেলা হবে।