বিপণিবিতানগুলোয় পুলিশ ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের বাজারে রংপুর নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেই সঙ্গে বিপণিবিতানগুলোর সামনে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনসহ ১৫টি এলাকার ওপর কড়া নজরদারি রয়েছে।
পুলিশ জানায়, নগরের একাধিক বিপণিবিতানে ঈদের কেনাকাটা করতে আসা লোকজনের নিরাপত্তা বিধান ও পাড়া-মহল্লায় বাড়িতে ফিরে যাওয়ার জন্য পোশাক ও সাদাপোশাকে পুলিশি টহল বাড়ানো হয়েছে। গত দুই দিনে জেলা পরিষদ, জাহাজ কোম্পানি, জেলা পরিষদ কমিউনিটি, রাজা রামমোহন, মতি প্লাজা, রজনীগন্ধা বিপণিবিতান, নবাবগঞ্জ বাজার, সিটি বাজারের সামনে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। নগরের শাপলা মোড়, পার্কের মোড়, মডার্ন মোড়, সাতমাথা, সেন্ট্রাল রোড, শালবন ইন্দিরা মোড়, বাংলাদেশ ব্যাংকের মোড়, ধাপ মেডিকেল মোড়, কটকিপাড়া মোড়, মুন্সিপাড়া মোড়, কেরামতিয়া মসজিদ মোড়, হনুমানতলা, পায়রা চত্বরসহ আরও কিছু এলাকায় সার্বক্ষণিক পুলিশি নজরদারি রাখা হয়েছে।
কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের নিরাপত্তা বিধানেও পুলিশ রয়েছে। নগরের সড়কগুলোয় পথে পথে চাঁদাবাজি রোধে কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ আরও জানায়, গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এ ছাড়া ১৮ জুলাই থেকে তিন দিনের ব্যবধানে আরও ১৫১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, ঈদের কেনাকাটা মানুষজন যাতে নির্বিঘ্নে করতে পারে, এ জন্য পুলিশ ক্যাম্প স্থাপন, পুলিশি টহল জোরদার করা হয়েছে। সাদাপোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন রয়েছেন। অপরাধীদের গ্রেপ্তারে দিনরাত পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
১৮ জুলাই প্রথম আলোর মহানগর পাতায় ‘পুলিশি তৎপরতার পরও ছিনতাই বেড়েছে নগরে’শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।