সিলেটে শেষ মুহূর্তে জমে উঠেছে পূজার বাজার। নগরের বিভিন্ন বিপণিবিতানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। বিক্রেতারা জানিয়েছেন, দুদিন ধরে প্রচুরসংখ্যক ক্রেতা দোকানগুলোতে ভিড় করছেন। গতকাল শুক্রবারও নগরের বিভিন্ন দোকানে ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়। সরেজমিনে দেখা গেছে, নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, নয়াসড়ক, কুমারপাড়া, বারুতখানা, লামাবাজার এলাকার বিভিন্ন বিপণিবিতানে হিন্দুধর্মাবলম্বী মানুষের প্রচণ্ড ভিড়। ক্রেতারা বিভিন্ন দোকান ঘুরে নিজেদের পছন্দ অনুয়ায়ী কাপড় কিনছেন। একাধিক বিক্রেতা জানান, দুর্গাপূজা উপলক্ষে নতুন নকশার শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট বাজারে এসেছে। নতুন আসা পোশাক বিক্রি হচ্ছে প্রচুর। নয়াসড়ক এলাকার ব্যবসায়ী ইসমাইল মিয়া বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন নকশার শাড়ি ও পাঞ্জাবি এনেছিলাম। অধিকাংশই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। অবস্থা দেখে মনে হচ্ছে, আগামী অষ্টমী, নবমীর দিনেও বেচাকেনা হবে বেশ।’ জিন্দাবাজার এলাকার একটি অভিজাত বিপণিবিতানে কথা হয় দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা গৃহিণী অনিতা রানী সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘ছেলেমেয়েদের জন্য কাপড় কিনেছি। এখন স্বামী ও নিজের জন্য পোশাক কিনব।’ লামাবাজার এলাকার মণিপুরী কাপড়ের দোকানে কথা হয় স্কুলশিক্ষক মিতু দাশের সঙ্গে। তিনি বলেন, ‘পূজায় বরাবরই আমার পছন্দ মণিপুরী কাপড়। তাই নতুন নকশার মণিপুরী শাড়ি কিনতে এখানে এসেছি।’ বন্দরবাজার এলাকায় কেনাকাটা করতে এসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সনজিৎ চক্রবর্তী। তিনি জানান, পূজায় একাধিক টি-শার্ট কিনেছি।