বিপণিবিতানে আগুন, জুতার গুদাম ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি বিপণিবিতানে গতকাল বৃহস্পতিবার সকালে আগুন লেগে অন্তত ২৫ লাখ টাকার জুতা পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
সাভার মডেল থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে নিউমার্কেটের চারতলা ভবনের দ্বিতীয় তলার আবন্তি সুজের গুদাম থেকে ধোঁয়া বের হতে থাকে। তখন মার্কেটের পাঁচ শতাধিক দোকানের প্রায় সব কটি বন্ধ ছিল। খবর পেয়ে সাভার ফায়ার সর্ভিসের তিনটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে গুদামে আগুন ধরে যায় এবং দ্বিতীয় তলার প্রায় অর্ধেক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। দুই ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আবন্তি সুজের মালিক জালাল উদ্দিন বলেন, পুড়ে যাওয়া ওই গুদামে অন্তত ২৫ লাখ টাকার জুতা ছিল।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন মাহমুদ বলেন, ‘প্রাথমিক তদন্তে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আমাদের ধারণা, এসি বিস্ফোরিত হয়ে অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’