বিপণিবিতানে আগুন, পুড়ল নয়টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘প্রিয়াঙ্গন শপিং সেন্টার’ নামে একটি বিপণিবিতানে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সোয়া নয়টার দিকে নিউমার্কেট এলাকার ৪৭ মিরপুর রোডে অবস্থিত প্রিয়াঙ্গন শপিং সেন্টারের চারতলা ভবনের দোতলার একটি দোকানে আগুন ধরে যায়। একপর্যায়ে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে বিপণিবিতানের নিরাপত্তাকর্মী ও উপস্থিত লোকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। তারা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বিপণিবিতানের নয়টি দোকান পুড়ে গেছে। গতকাল সরকারি ছুটির দিন থাকায় বিপণিবিতান বন্ধ ছিল। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে নানা রকম পণ্যের দোকান ছাড়াও একাধিক কোচিং সেন্টার রয়েছে। সকালে আগুন লাগার পর দোতলা থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। এতে আশপাশের লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভির্সের কর্মীরা আগুন নেভানোর সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাস্তা খুলে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।