বিপণিবিতানে আগুন ৫০ দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের পৌর ক্লথ মার্কেটে গত রোববার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার পোশাক ও কাপড় পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শী নীলফামারী শিল্প ও বণিক সমিতির নির্বাহী কমিটির সদস্য জুবায়ের আলম জানান, রাত দুইটার দিকে মার্কেটের একটি বৈদ্যুতিক খুঁটির তারে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। এখান থেকে প্রথমে জুবায়ের গার্মেন্টস নামের একটি দোকানে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে ফ্রেন্ডস গার্মেন্টস, শাকিল গার্মেন্টস, মাসুদ গার্মেন্টস, কোহিনুর ক্লথ স্টোর, আহমেদ স্টোরসহ আশপাশের ৫০টি দোকানে। এতে দোকানগুলোতে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা জানান, আগুন লাগার পরপরই খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আসেন। প্রথমে কাপড়ের আগুন চেষ্টা করেও নেভানো যাচ্ছিল না। পরে ডোমার, নীলফামারী ও পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা অংশ নেন। কিছুক্ষণ পর সৈয়দপুর সেনানিবাস থেকে অগ্নিনির্বাপক দলও সেখানে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে তাঁদের সহায়তা করে। একনাগাড়ে চার ঘণ্টা চেষ্টা করার পর ভোর ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ওয়াদুদ হোসেন জানান, বিপণিবিতানের গলিগুলো অত্যন্ত সংকীর্ণ। প্রস্থে তিন ফুটের বেশি হবে না। পানিরও সংকট দেখা দেয়। তাই আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে।

নীলফামারী শিল্প ও বণিক সমিতি অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকদের পক্ষে গতকাল  একটি ক্ষতির হিসাব ইউএনওর কার্যালয়ে জমা দিয়েছে। রোববার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার ও সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমান।