বিপণিবিতানে উপচে পড়া ভিড়
নগর ও উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দাদের জন্য তৈরি পোশাক এবং প্রসাধন সামগ্রীর কেনার বিপণিবিতান চিটাগাং শপিং কমপ্লেক্স। ঈদকে সামনে রেখে এখানে জমে উঠেছে বেচাকেনা। এই বিপণিবিতানের নিচতলার তৈরি পোশাকের বিক্রয় কেন্দ্রগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই।গতকাল শুক্রবার দুপুরে গিয়ে দেখা গেছে শপিং কমপ্লেক্সের নিচতলা জুড়ে শাড়ি, থ্রি-পিস, থান কাপড়, শিশুদের তৈরি পোশাক এবং ক্রোকারিজের দোকান। আর সব দোকানেই নারী-শিশুদের উপচে পড়া ভিড়। বিক্রেতারাও ব্যস্ত ক্রেতাদের পোশাক এবং প্রয়োজনীয় সামগ্রী দেখাতে।বিক্রেতারা জানান, চিটাগং শপিং কমপ্লেক্স উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, বোয়ালখালী, আনোয়ারাসহ সংলগ্ন এলাকার অধিবাসীদের কাছে এই বিপণিবিতান জনপ্রিয়। এসব এলাকায় প্রবাসীদের বসবাস বেশি। উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর লোকজনই এই বিপণিবিতানের মূল ক্রেতা। গতকাল শুক্রবার হাটহাজারীর চৌধুরীহাট থেকে রাহেলা আক্তার ও তাঁর চার বোন আসে ঈদের কেনাকাটার জন্য।প্রথম আলোর সঙ্গে আলাপে রাহেলা জানান, পাঁচ বোনের জন্য ভিন্ন রঙের, কিন্তু একই ডিজাইনের পোশাক, জুতা ও ব্যাগ কিনবেন। নাদিয়া ইম্পোরিয়ামের বিক্রয়কর্মী মোহাম্মদ শিবলী জানান, চার থেকে ১৬ বছর বয়সী মেয়েদের এসব লং কামিজের মূল্য চার হাজার থেকে আট হাজার। পশ্চিমা ধাঁচের পোশাক—গাউন, ফ্রক পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা। বোম্বে স্কার্টের মূল্য দুই হাজার ৫০০ থেকে তিন হাজার ৮০০ টাকা। আকর্ষণ নামে মেয়েদের পোশাকের দোকানে বড় মেয়েদের লং কামিজের মূল্য সাত হাজার থেকে ৩৫ হাজার টাকা, লেহেঙ্গা ২৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা। ছেলেদের পোশাক নিয়ে ঈদের আয়োজন নিয়ে জেন্টলপার্ক শোরুমের শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান বলেন, ঈদে ছেলেদের পছন্দ খাটো পাঞ্জাবি। এ ছাড়া ক্যাজুয়াল শার্টের চাহিদা বেশি।