বিপণিবিতানে স্বাস্থ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিলের এজিবি কলোনির নগর স্বাস্থ্যকেন্দ্র-৫-এ চলছে চিকিৎসাসেবা l প্রথম আলো
মতিঝিলের এজিবি কলোনির নগর স্বাস্থ্যকেন্দ্র-৫-এ চলছে চিকিৎসাসেবা l প্রথম আলো

৫০ বছরের মোমেনা বেগম পেশায় গৃহকর্মী। থাকেন মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনির একটি বাড়ির সিঁড়িতে। কাজ করেন কলোনিরই কয়েকটি বাসায়। মাস তিনেক আগে তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এখনো তাঁর হাত-পায়ের গিঁটে ব্যথা হয়। ভালোভাবে হাঁটতে পারেন না। এ সমস্যা নিয়ে তিনি চিকিৎসকের কাছে এসেছেন।
গতকাল রোববার মতিঝিল এজিবি কলোনির নগর স্বাস্থ্যকেন্দ্র-৫-এ কথা হয় মোমেনা বেগমের সঙ্গে। ৩৫ টাকায় টিকিট কেটে তিনি স্বাস্থ্যকেন্দ্রের অপেক্ষার কক্ষে বসে ছিলেন।
মূলত নারী ও শিশুসহ দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প খরচে সেবা দিতে আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস প্রজেক্টের ব্যবস্থাপনায় স্বাস্থ্যকেন্দ্রগুলো চলে। কেন্দ্রগুলো পরিচালনা করছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার।
গতকাল স্বাস্থ্যকেন্দ্রে মোমেনা বেগমসহ বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা হয়। তাঁদের অনেকেই কেন্দ্রের সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান নিয়ে তাঁদের মধ্যে অসন্তুষ্টি দেখা যায়।
কলোনির বায়তুল মামুর জামে মসজিদ মার্কেটের তৃতীয় তলার চারটি ও চতুর্থ তলার তিনটি দোকানঘর ভাড়া নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটি চলছে।
স্বাস্থ্যকেন্দ্রটি তৃতীয় ও চতুর্থ তলায় হওয়ায় অন্তঃসত্ত্বা নারীদের বেশ ভোগান্তি পোহাতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী বলেন, ‘প্রতিবার ডাক্তার দেখাইতে এসে হাঁপিয়ে যাই। নারী ও শিশুদের সেবাকেন্দ্র নিচতলায় হওয়া উচিত।’ বেশ কয়েকজন রোগী বলেন, বিপণিবিতানের ভেতরে স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান হওয়ায় অন্তঃসত্ত্বা নারীরা বেশ অস্বস্তিতে ভোগেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের জায়গার সংকটও আছে।
এ ব্যাপারে পার্টনারশিপ এলাকা-৪–এর প্রকল্প ব্যবস্থাপক জাকেরা হান্নান রুবাইয়্যাৎ বলেন, পরিবেশ ভালো নয়। তবে আশপাশে স্টাফ কোয়ার্টার থাকায় কেন্দ্র পরিবর্তনের জায়গা পাওয়া যাচ্ছে না। তারপরও ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে পরামর্শ করে পরিবর্তনের প্রক্রিয়া চলছে।
কেন্দ্রের সুপারভাইজার সৈয়দা সাবিনা ইয়াসমিন বলেন, এই কেন্দ্রের আশপাশে কয়েকটি সরকারি কলোনি। এখানে উল্লেখযোগ্যসংখ্যক গৃহকর্মী থাকেন। কোনো অসুবিধা হলেই তাঁরা সেবা নিতে এখানে চলে আসেন।
জানা যায়, এই কেন্দ্রে লাল কার্ডধারী ৯১৫ জনকে বিনা মূল্যে সেবা ও ওষুধ দেওয়া হয়।
গতকাল চিকিৎসকের কক্ষে গিয়ে দেখা যায়, এক মা ১৫ মাস বয়সী সন্তানের খাওয়ার সমস্যার কথা বলছেন। সব শুনে চিকিৎসক মায়ের হাতে ‘দুই বছর বয়স পর্যন্ত শিশুর সঠিক খাবার’ শিরোনামের একটি প্রচারপত্র দেন। ওই প্রচারপত্রে শিশুদের খাবারের সঠিক নির্দেশনা দেওয়া আছে।
চিকিৎসকের কক্ষে অবস্থানকালে আরও কয়েকজন নারীকে শিশুর খাবারের সমস্যা নিয়ে আসতে দেখা যায়। চিকিৎসক নুসরাত জাহান বলেন, বেশির ভাগ মা শিশুর খাবার নিয়ে সমস্যায় পড়েন। এর বড় কারণ মায়েরা সাংসারিক কাজে ব্যস্ত থাকেন, শিশুকে সঠিক সময়ে খাবার দিতে পারেন না। আবার অনেকে পর্যাপ্ত সময় নিয়ে খাওয়ান না। এ ছাড়া দুধ ও খিচুড়ির ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও একটি সমস্যা।
স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে রোগী আসার সংখ্যা বেড়ে গেছে। সবচেয়ে বেশি আসছে শিশুরা।
কেন্দ্রের প্যারামেডিক সুমা মিস্ত্রি বলেন, এই সময়ে শিশুদের বাড়তি যত্ন নিতে হবে। আলো-বাতাসযুক্ত শুষ্ক পরিবেশে রাখতে হবে। ঠান্ডা বাতাস ও ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। তারপরও ঠান্ডা লেগে গেলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
এই কেন্দ্রে নারী ও শিশুরা বেশি সেবা নিলেও কিশোর-কিশোরীরাও নানান সমস্যা নিয়ে আসে।