
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, যারা হোলি আর্টিজানে হামলা চালিয়েছিল, তারা সবাই তরুণ ছিল। তারা ঠান্ডা মাথার খুনি। তাদের বিপথগামী করা হয়েছিল। এই বিপথগামীদের সুপথে ফিরিয়ে আনতে প্রয়োজন সংস্কৃতিচর্চা।
গতকাল বুধবার কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় শিল্পকলা একাডেমি চত্বরে ভবন নির্মাণকাজের উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে বক্তব্য দেন সংস্কৃতিসচিব ইব্রাহীম হোসেন খান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা বইয়ের ভারে বাঁকা হয়ে হাঁটে। জিপিএ-৫ পাওয়ার প্রত্যাশা করে। স্কুল-কলেজের পরীক্ষায় প্রথম হলে চলবে না, জীবনের সব ক্ষেত্রে প্রথম হতে হবে।’
তিনি আরও বলেন, সংস্কৃতিচর্চার ক্ষেত্রে যে পরিমাণ সরকারি বরাদ্দ আছে, তার চেয়ে অনেক বেশি করেন সাংস্কৃতিক কর্মীরা। তাঁরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন বলেই এত সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হচ্ছে। সংস্কৃতিচর্চা না করলে বনের মহিষ এসে সাজানো বাংলাদেশকে তছনছ করে দেবে।
মাহবুব উল আলম হানিফ বলেন, দ্রুততম সময়ের মধ্যে যাতে ওই ভবনের নির্মাণকাজ শেষ হয়, সে জন্য সার্বক্ষণিক খোঁজখবর রাখা হবে। এ ছাড়া জেলার সংস্কৃতিচর্চা বাড়ানোর জন্য আরও উদ্যোগ নেওয়া হবে।
আমিরুল ইসলাম বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে তিনতলাবিশিষ্ট অত্যাধুনিক কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এক একর জায়গার ওপর নির্মিত ভবনটির উচ্চতা হবে প্রায় ৬৫ ফুট।
লিয়াকত আলী বলেন, ঢাকায় শিল্পকলা একাডেমির পর কুষ্টিয়া শিল্পকলা একাডেমিকে ধরা হবে দ্বিতীয় বৃহত্তর একাডেমি ভবন। এখানে শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এখান থেকে দেশি ও আন্তর্জাতিকমানের শিল্পী বের করে নিয়ে আসা হবে। আগামী বছরের শেষের দিকে এর নির্মাণকাজ শেষ হবে।