খুলনা জেলা ও মহানগর যুবলীগের সক্রিয় বেশির ভাগ নেতা টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা অপরাধ-অপকর্মে জড়িয়ে পড়ছেন। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় গুটিকয়েক ব্যক্তির হাতে সংগঠন কুক্ষিগত থাকা ও নেতা-কর্মীদের ওপর কারও নিয়ন্ত্রণ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর দি নিউ এজ-এর খুলনা প্রতিনিধি তাপস কান্তি দাশ ও জন্মভূমি-র নিজস্ব প্রতিবেদক আমিরুল ইসলাম ফিরোজ বাহিনীর হামলার শিকার হন। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত ফিরোজ কিছু দিন আগেই নগরীর শিশু হাসপাতালে মারামারি করতে গিয়ে আটক হয়েছিলেন।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৬ মে জেলা যুবলীগের সম্মেলনে কামরুজ্জামান জামালকে সভাপতি ও আখতারুজ্জামান বাবুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। ২০০৬ সালে এই কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও নতুন কমিটি হয়নি। ওই কমিটির এক-তৃতীয়াংশ নেতা এখন নিষ্ক্রিয়। চার বছর ধরে কোনো সভাও হয়নি। দ্বন্দ্বের কারণে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরস্পর মুখ দেখাদেখিও বন্ধ। অন্য নেতা-কর্মীরা দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। জামাল ঠিকাদারি করলেও তাঁর বিরুদ্ধে ঘের দখল ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সাধারণ সম্পাদকের নামে রয়েছে ঘের দখল ও প্রভাব খাটিয়ে বিভিন্ন স্থান থেকে সুবিধা আদায়ের অভিযোগ।সংগঠনের বেহাল অবস্থার কথা স্বীকার করে জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল বলেন, দ্রুত নতুন কমিটি করা উচিত। নিজের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি। সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবু বলেন, সভাপতির ব্যক্তিকেন্দ্রিক কর্মকাণ্ডে সাংগঠনিক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি নিজের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে কিছু বলতে চাননি।অন্যদিকে ২০০৩ সালের ৫ মে আনিসুর রহমানকে সভাপতি ও আলী আকবরকে সাধারণ সম্পাদক করে মহানগর যুবলীগের কমিটি গঠন করা হয়। ২০০৬ সালের ৪ জুন এই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। ২০০৯ সালের ১১ জানুয়ারি আনিসুর রহমানকে আহ্বায়ক, মনিরুজ্জামান সাগর ও হাফেজ মো. শামীমকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু দীর্ঘ ২০ মাসেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। অভিযোগ রয়েছে, নগর যুবলীগের আহ্বায়ক পপলুর নির্দেশেই চলছে সংগঠনের সব কার্যক্রম। কয়েক দিন আগে বিএনপির মানববন্ধনে হামলা করে তাঁর অনুসারীরা। একটি আলোচিত হত্যাকাণ্ডে তাঁর জড়িত থাকারও অভিযোগ রয়েছে। তাঁর কর্মীরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে নিয়মিত অর্থ আদায় করেন বলেও অভিযোগ আছে। হাফেজ শামীমের নির্দিষ্ট কোনো পেশা নেই। ক্ষমতার দাপটে বিভিন্নভাবে অর্থ আদায়ই তাঁর মূল কাজ। মনিরুজ্জামান ঠিকাদারি করেন। তিনিও নানাভাবে প্রভাব খাটিয়ে ঠিকাদারি কাজে সুবিধা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে আনিসুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীরা যুবলীগের কোনো কামিটিতে নেই। তবে তাঁদের আত্মীয়স্বজন কেউ যুবলীগের সঙ্গে থাকতে পারেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ও নতুন কমিটি গঠন সম্পর্কে তিনি বলেন, অভিযোগগুলো অপপ্রচার ছাড়া কিছুই না। কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। অভিযোগ সম্পর্কে মনিরুজ্জামান বলেন, ‘আমি কোনো অপকর্মের সঙ্গে জড়িত নই।’