তীব্র অপুষ্টি রোধে তৈরি পথ্যের মতো বাণিজ্যিক উপকরণের ব্যবহার দেশের শিশুদের জন্য বিপদ ডেকে আনতে পারে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের শীর্ষ শিশুস্বাস্থ্য ও পুষ্টিবিদেরা এ মন্তব্য করেছেন।
সম্প্রতি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) তীব্র অপুষ্টি রোধে স্বর্ণালী-১ ও স্বর্ণালী-২ নামে দুটি পথ্য উদ্ভাবনের দাবি করে। আইসিডিডিআরবি বলছে, পথ্য দুটি তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের মৃত্যু রোধ করে দ্রুত সুস্থ হয়ে ওঠা নিশ্চিত করবে। অন্যদিকে শিশুস্বাস্থ্য ও পুষ্টিবিশেষজ্ঞরা বলছেন, সারা বিশ্বের মতো বাংলাদেশে অপুষ্টি রোধে বাড়ির তৈরি খাবার বারবার খাওয়াতে হবে। এ বিষয়ে সরকারি নির্দেশিকাও আছে। তৈরি পথ্য বাজারজাত করার অর্থ দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া।
অধ্যাপক এম কিউ কে তালুকদার সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের মতো দেশগুলোয় বহু বছর ধরে ইউনিসেফ তৈরি পথ্য ঢোকানোর চেষ্টা করছিল। দেশের শিশুবিশেষজ্ঞ ও পুষ্টিবিদদের প্রতিবাদের মুখে সরকার ইউনিসেফকে তৈরি পথ্য আনার অনুমতি দেয়নি। আইসিডিডিআরবির মাধ্যমে সে চেষ্টা আবার শুরু হয়েছে। তিনি বলেন, আইসিডিডিআরবির তৈরি পথ্যে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটি দেশের আইন লঙ্ঘন করেছে।
এম কিউ কে তালুকদার আরও বলেন, পথ্য দুটিতে ৬০ ভাগ চর্বি থাকছে। চর্বির এ মাত্রা গ্রহণযোগ্য নয়। তীব্র অপুষ্টিতে ভোগা শিশুকে ২৫ ভাগ চর্বিযুক্ত ও অতিরিক্ত প্রোটিনযুক্ত তৈরি খাবার বাড়িতে বারবার খাওয়াতে হবে।
বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন এস কে রায় বলেছেন, অপুষ্টি সমস্যা দূর করতে তৈরি পথ্যের বদলে দরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) কর্মকর্তা আলমগীর হোসেন জানান, দেশের ৪৩টি হাসপাতালে এখন তীব্র অপুষ্টির চিকিৎসা হচ্ছে। তবে আইসিডিডিআরবির তৈরি পথ্য সম্পর্কে সরকারের অবস্থান কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। অপুষ্টি রোধে আইপিএইচএন প্রশিক্ষণ দেয়। আইসিডিডিআরবির অনেকে প্রশিক্ষক হিসেবে এতে কাজ করছেন। সেখানেও তৈরি পথ্য নিয়ে কিছু বলা হয় কি না, আমি জানি না।’
আইসিডিডিআরবির বক্তব্য: স্বর্ণালী-১ ও স্বর্ণালী-২ তৈরি পথ্য দুটির অন্যতম উদ্ভাবক তাহমিদ আহমেদ বলেন, অপুষ্টি রোধের জাতীয় নীতিমালায় খাবারভিত্তিক যে চিকিৎসার কথা বলা হয়েছে, সেটি পুরোপুরি অনুসরণ করা হয়েছে। এ পথ্য দুটিতে দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে। বুকের দুধের বিকল্প নয় বলে আইন লঙ্ঘন হয়নি বলে দাবি করেছেন তিনি। তিনি আরও বলেছেন, এটি শুধু তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসায় ব্যবহারের জন্য তৈরি।