বিপদ থেকে পরিত্রাণ পেতে দরকার সাংস্কৃতিক বিপ্লব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিপদ থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পেতে হলে দরকার নতুন একটি সাংস্কৃতিক বিপ্লব। দরকার কওমি মাদ্রাসার নবায়ন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, শিক্ষা-স্বাস্থ্য-বাসস্থান, বিদ্যুতের সুযোগ বৃদ্ধি ও দুর্নীতি-লুটপাট কমানো। হেফাজত ও কওমি মাদ্রাসার শক্তি যদি জামায়াত-বিএনপির সঙ্গে যুক্ত হয়ে রাজপথে নেমে আসে, তবে সেই বিপদের সৃষ্টি হবে।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্রীড়াকক্ষে এক সেমিনারে মূল প্রবন্ধে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ এসব কথা বলেন। বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ‘অর্থনৈতিক উন্নয়ন “ধাঁধা” ও রাজনৈতিক অনিশ্চয়তা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে অধ্যাপক আকাশ বর্তমান সংকটের আশু সমাধানের জন্য পাকিস্তানি প্রবণতা ঠেকানো, জামায়াতকে নিষিদ্ধ করা, পেট্রলবোমা থামানো ও দেশের মৌলিক ঐতিহাসিক ভিত্তি নিয়ে উসকানি বা কৃত্রিম উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতার ৪৪ বছর পরও দেশের একটি শক্তি সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধ এবং পাকিস্তানি আদর্শের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করে ময়দানে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আর আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপি এই শক্তিটির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।
একই সঙ্গে এম এম আকাশ এ-ও বলেন, ‘বর্তমান শাসক দলে যদি অসৎ লোকদের প্রভাব বাড়তে থাকে এবং কল্যাণমূলক প্রকল্পগুলো যদি ব্যর্থ হয়, তবে এ দেশে “অসহায় দরিদ্র” ও “লুটেরা ধনীরা” আরও বাড়বে। জামায়াতও ক্রমাগত ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠবে। এই ভয়ংকর পরিণতি রোধ করতে হলে এখন থেকেই প্রগতিশীলদের এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে স্বাধীনতা সংহত করার লক্ষ্যে ইতিবাচক সাফল্যের পাল্টা আর্থসামাজিক দৃষ্টান্তও স্থাপন করতে হবে।’
বাকবিশিসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক আ ব ম ফারুকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফেডারেশন অব টিচার্স ইউনিয়নের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম। এ ছাড়া অর্থনীতি বিভাগের শফিক উজ জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তানজিম উদ্দিন খান প্রমুখ আলোচনা করেন।