পুলিশের নবীন কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী
বিপদগ্রস্তদের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে বিপদগ্রস্ত মানুষটি তোমাদের কাছে আসছে, তার পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াবে। বিশেষ করে নারী ও শিশুর প্রতি যেন কোনো অবহেলা না হয়, সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখবে।’গতকাল রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৯তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এই কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩৭ জন শিক্ষানবিশ পুলিশ সুপার তাঁদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করলেন।সকাল সাড়ে ১০টায় একাডেমির প্যারেড মাঠে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করেছি। আমরা একটি সুশৃঙ্খল, দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রম দমনে ন্যাশনাল পুলিশ ব্যুরো অব কাউন্টার টেররিজম ইউনিট গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’ বিভাগীয় শৃঙ্খলার ক্ষেত্রে জিরো টলারেন্সের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদমর্যাদা উন্নীতকরণের সঙ্গে সঙ্গে জনগণও যেন উন্নত সেবা পায়, সে ব্যাপারে পুলিশ বাহিনীর সব সদস্যকে আরও সচেষ্ট থাকতে হবে। বিশ্বব্যাপী অপরাধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, সাইবার ক্রাইম, মানি লন্ডারিংসহ নতুন নতুন অপরাধ দমনে পুলিশ বাহিনীকে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে।প্রধানমন্ত্রী নবীন পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আইনের শাসন, ন্যায়বিচার, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার ও একাডেমির অধ্যক্ষ নাইম আহমেদ উপস্থিত ছিলেন।মমেজানের ইচ্ছাপূরণমৃত্যুর আগে আগে শেখ হাসিনাকে দেখার ইচ্ছা পোষণ করেছিলেন তিনি। তাঁর সেই ইচ্ছা গতকাল রোববার পূরণ হলো। রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের মমেজানের দাবি, তাঁর বয়স ১১০ বছর। গতকাল প্রধানমন্ত্রী রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে পুলিশের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনে এলে স্থানীয় সাংসদ শাহরিয়ার আলম মমেজানকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ করে দেন। মমেজানের পারিবারিক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে দুই ছেলে সাজদার রহমান ও মাজদার রহমানকে যুদ্ধে পাঠিয়েছিলেন তিনি। বেশ কিছু দিন ধরে তিনি শেখ হাসিনাকে দেখার জন্য ছেলের কাছে আবদার করছিলেন।