বিপদে-আপদে মুক্তিযোদ্ধা রেজাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগডাঙ্গা গ্রামের ইসলাম আলী কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়েছিলেন। তাঁর অভিভাবকেরা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। হাতের কাছে ভালো কোনো হাসপাতালও ছিল না। যশোর শহরের হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে ১০০ টাকার প্রয়োজন ছিল, যা তাঁর অভিভাবক ভগ্নিপতি দুলু মণ্ডল জোগাড় করতে পারেননি।ইসলাম আলীর এই অসহায় অবস্থার কথা শুনে ছুটে যান পাশের গ্রাম রঘুনাথপুরের বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম। তিনি ইসলাম আলীর চিকিৎসার জন্য ১০০ টাকা দিয়ে সহযোগিতা করেন। শিক্ষকতা করে তিনি সে সময় মাসে মাত্র ৭৫ টাকা বেতন পেতেন। সেটাও পাওয়া যেত তিন-চার মাস পর পর। কয়েক মাসের টাকা একসঙ্গে পাওয়ায় তিনি ইসলাম আলীর হাতে ১০০ টাকা তুলে দিতে পেরেছিলেন। চিকিৎসা হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি। এ ঘটনা ৭৭ সালের।রঘুনাথপুর গ্রামের হতদরিদ্র আলাউদ্দিনের মেয়ে জিন্নাতুন নেছা এইচএসসি পাসের পর অর্থের অভাবে অনার্সে ভর্তি হতে পারছিলেন না। ভর্তি না হয়ে বাড়িতে ছিলেন জিন্নাতুন। ঠিক ওই সময় ভর্তির টাকা দিয়ে সহযোগিতা করেন রেজাউল ইসলাম। বর্তমানে জিন্নাতুন যশোর সরকারি মহিলা কলেজে অনার্স করছেন। তিনি জানান, তাঁর ছোট বোন ইয়াসমিন আরাও রেজাউল ইসলামের সহযোগিতা নিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে।মানুষের কল্যাণে নিজের সাধ্যমতো কাজ করে যাওয়া এই মুক্তিযোদ্ধা রেজাউল ইসলামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে; দেশের কথা চিন্তা করে যিনি ১৯৭১ সালে যুদ্ধে অংশ নিয়েছিলেন। বর্তমানে সাধারণ মানুষের কথা ভেবে কাজ করে যাচ্ছেন। নিজের সামর্থ্যের পাশাপাশি পরিবারের সবাই মিলে মানুষের কল্যাণে কাজ করতে গঠন করেছেন একটি ফাউন্ডেশন, যার মাধ্যমে প্রতিবছর এলাকার চারটি ইউনিয়নের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছেন। বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন ল্যাট্রিন। শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এমনকি তিনি এ বছর থেকে যে মুক্তিযোদ্ধা ভাতা পেয়েছেন, তারও দুই-তৃতীয়াংশ মানুষের কল্যাণে ব্যয় করেছেন। রেজাউল ইসলামের বয়স এখন ৫৮ বছর। তিনি ১৯৭১ সালে দশম শ্রেণীর ছাত্র ছিলেন। দেশে যুদ্ধ শুরু হলেও অনেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশকে শত্রুমুক্ত করতে তিনি পরীক্ষা বর্জন করে যোগ দেন মুক্তিবাহিনীতে। যুদ্ধের পর বাড়িতে ফিরে আবার পড়ালেখা শুরু করেন তিনি। ১৯৭২ সালে এসএসসি ও ১৯৭৪ সালে এইচএসসি পাস করেন। ওই বছরই রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর চাকরি হয়।রেজাউল ইসলামের ছাত্র, বর্তমানে ওই স্কুলের শিক্ষক মনোয়ার হোসেন জানান, প্রতিবছর ভর্তির সময় তিনি খোঁজ নেন কোন মেধাবী শিক্ষার্থী টাকার জন্য ভর্তি হতে পারছে না। তাদের খুঁজে ভর্তির ব্যবস্থা করেন।রঘুনাথপুর বাজারের ব্যবসায়ী বসির আহম্মদ জানান, তাঁর দোকানে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের দরিদ্র ছেলেমেয়েদের তালিকা দেওয়া আছে। প্রতিবছর ওই নামের তালিকা ধরে তাদের বই, খাতা ও কলম দেওয়ার নির্দেশ দেন রেজাউল ইসলাম।রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান জানান, রেজাউল ইসলাম দরিদ্র ছেলেমেয়েদের জন্য অনেক কিছু করেন। ফাউন্ডেশনের পাশাপাশি নিজের পকেটের টাকা ব্যয় করে যাচ্ছেন ছেলেমেয়েদের পড়ালেখার জন্য।