বিপদের পথে ঠেলে দেওয়ার নীতি বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশকে চরম বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দেয় এমন নীতি বন্ধ করার জন্য বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাবি পিল্লাই।

গতকাল রোববার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

নাবি পিল্লাই বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়া ও রাজনৈতিক সহিংসতা বেড়ে যাওয়ায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার আরও বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দলের সমর্থকেরা একে অন্যের সঙ্গে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। সংঘাতে বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে, অনেকে আহত হয়েছে আর বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

নাবি পিল্লাই বলেন, ‘গত সপ্তাহে আমরা লক্ষ করেছি, এ ধরনের ঘটনা চরম আকার ধারণ করেছে। আমরা দেখি, বিক্ষোভকারীরা একটি বাসে মলোটভ ককটেল ছুড়েছে, যাতে নারী ও শিশু ভয়াবহ আগুনের হাত থেকে নিজেদের রক্ষার সুযোগ পায়নি। এ ধরনের সহিংসতা বাংলাদেশের জনগণের জন্য চরম আঘাত, যে দেশের অধিকাংশ মানুষ একটি শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন প্রত্যাশা করে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের গ্রেপ্তার ও আটকের প্রক্রিয়া অব্যাহত থাকায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের হাইকমিশনার উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করে তুলবে এবং প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপের প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সম্ভাবনা নষ্ট করে দেবে।

নাবি পিল্লাই বলেন, রাজনীতিবিদদের যতই মতপার্থক্য থাকুক না কেন, নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশকে চরম বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দেয় এমন নীতি অবশ্যই বন্ধ করতে হবে। কারণ এটি বাংলাদেশকে বিপজ্জনকভাবে একটি গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। তাঁদের বরং দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এবং নিজেদের প্রভাবকে কাজে লাগিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে। পাশাপাশি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উপায় খুঁজে নিতে হবে।

বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি সইকারী দেশ—এ বিষয়টি উল্লেখ করে নাবি পিল্লাই বলেন, ‘অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি, রাজনৈতিক কিংবা নির্বাচনসংক্রান্ত সহিংসতায় রাজনীতিবিদসহ অপরাধীদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে।’