বিপন্ন দেশগুলোকে বিশ্ব জলবায়ু আলোচনায় নেতৃত্ব দিতে হবে
বিশ্ব জলবায়ু আলোচনায় জলবায়ু বিপন্ন দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জলবায়ু বিপন্ন দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভারনারেবল ফোরামের (সিভিএফ) ঢাকা সভার প্রথম দিনে গতকাল রোববার এ আহ্বান জানানো হয়।রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী এ সভা শুরু হয়েছে। গতকাল ছিল সভার কারিগরি অধিবেশন। সভার ঘোষণাপত্রের খসড়াও চূড়ান্ত করা হয় গতকাল। আজ সোমবার সভার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে মূল অধিবেশন হবে। এতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বক্তব্য দেবেন। দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু সম্মেলন সামনে রেখে এ সভার আয়োজন করা হয়েছে। কারিগরি অধিবেশনের মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন দেশ থেকে আসা বিশেষজ্ঞরা অভিযোগ করেন, শিল্পোন্নত রাষ্ট্রগুলো কার্বন নিঃসরণ বন্ধ করা ও জলবায়ু তহবিলে অর্থ দেওয়ার ব্যাপারে তাদের অঙ্গীকার পালন করছে না। অন্যদিকে উপকূলীয় ও দ্বীপ রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে নিজেদের অস্তিত্বের প্রশ্নে বিপন্ন দেশগুলোকে ডারবান সম্মেলনে এক সুরে কথা বলতে হবে।আজ সম্মেলনের ঢাকা ঘোষণা পাঠ করা হবে। ওই ঘোষণায় জাতিসংঘ জলবায়ু তহবিল দ্রুত ছাড় করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হবে। সভায় ১৭টি দেশের প্রতিনিধি রয়েছেন। এর মধ্যে ১১টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি রয়েছেন।কারিগরি অধিবেশনে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নেইল ওয়াকার, বন ও পরিবেশ সচিব মেজবাহ-উল-আলম। সভায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।নেইল ওয়াকার বলেন, বাংলাদেশ জলবায়ু সমস্যা মোকাবিলায় ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে পরিবহনে সিএনজির ব্যবহার ও উপকূলীয় এলাকায় পরিকল্পিত বনায়ন বেশ সফলতা পেয়েছে। তিনি বলেন, হিমালয়ের বরফ গলে যেন ভাটির দেশগুলো ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য ভুটান কাজ করে যাচ্ছে। জাতিসংঘ এ ক্ষেত্রে সহায়তা করছে।বন ও পরিবেশসচিব বলেন, ডারবানে জলবায়ু সম্মেলন বিপন্ন দেশগুলোর জন্য অস্তিত্ব রক্ষার। এখানে ব্যর্থতার কোনো সুযোগ নেই। জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন দেশগুলোকে সেখানে একই সুরে কথা বলতে হবে।সভাপতির বক্তব্যে মিজারুল কায়েস বলেন, বাংলাদেশ এ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ কারণে স্বয়ং প্রধানমন্ত্রী এ সম্মেলনে উপস্থিত থাকবেন। তিনি বলেন, জাতিসংঘের জলবায়ু তহবিলের অর্থ ছাড় করার প্রক্রিয়া খুবই ধীরগতিতে এগোচ্ছে। ঢাকা সভার মধ্য দিয়ে এই তহবিল দ্রুত ছাড় করার দাবি তুলতে হবে।মুক্ত আলোচনা পর্বে সঞ্চালকের বক্তব্যে বাংলাদেশ পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বিপন্ন দেশগুলোর পক্ষ থেকে জাতিসংঘ জলবায়ু তহবিলে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি তুলতে হবে।আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইইডি) সিনিয়র রিসার্চ ফেলো সালেমুল হক বলেন, বারাক ওবামাসহ বিশ্বের প্রতিষ্ঠিত নেতৃত্ব ব্যর্থ হয়েছে। তাই বিপন্ন দেশগুলোর পক্ষ থেকে আগামী দিনের জলবায়ু আলোচনায় নেতৃত্ব দিতে হবে।জলবায়ু পরিবর্তনে বিপন্ন দেশগুলোর নেতৃত্বে ২০০৯ সালে ক্লাইমেট ভালনারেবল ফোরাম গঠিত হয়। মালদ্বীপের রাজধানী মালেতে সর্বপ্রথম এর সম্মেলন হয়। এবার হচ্ছে সিভিএফের তৃতীয় সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।