বিভিন্ন কারণে নানা প্রজাতির পাখির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। বাসস্থান ধ্বংস ও অধিক হারে সংগ্রহের কারণে কমে যাচ্ছে কাছিম। জীববৈচিত্র্য রক্ষার্থে পাখি ও কাছিম সংরক্ষণের জন্য তাই সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। গতকাল বুধবার ‘বাংলাদেশের পাখি ও কাছিম’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের শহীদ মুনীর চৌধুরী সম্মেলনকক্ষে বাংলাদেশ বার্ড ক্লাব, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট, প্রকৃতি ও জীবন এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে। ইনাম আল হক তাঁর ‘বৈশ্বিক বিপন্ন পাখি’ শীর্ষক প্রবন্ধে বলেন, বিশ্বে বিপন্ন এমন ৪২ প্রজাতির পাখি দেশের আকাশে দেখা যায়। এর মধ্যে ৮০ শতাংশই রয়েছে অরক্ষিত এলাকায়। সরকার এগুলোর সুরক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে এগুলো আর খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, সময়মতো সংরক্ষণ না করায় বিশ্বে বিপন্ন এমন ১৫ প্রজাতির পাখি বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। এ ছাড়া আরও ৪২ প্রজাতির বিপন্নপ্রায় পাখি রয়েছে। এগুলোর মধ্যে ২৫টি প্রজাতিকে সংরক্ষণ করা সম্ভব। মহাবিপন্ন পাখির মধ্যে রয়েছে বাংলা শকুন, চামচঠুঁটো বাটন। বিপন্ন পাখির মধ্যে রয়েছে কালামুখ প্যারাপাখি, বেয়ারের ভুতিহাঁস, নর্ডম্যান সবুজ পা। সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্টের এস এম এ রশিদ বলেন, বাংলাদেশে মিঠাপানির ও স্থলজ কাইট্টা কাছিমের ২৩টি প্রজাতি রয়েছে। এর মধ্যে ২০ প্রজাতির কাইট্টা কাছিম বিপন্ন। এগুলোর সাতটি প্রজাতি মহাবিপন্ন এবং দুটি প্রজাতি অরক্ষিত। কাছিম সুরক্ষায় বদ্ধ পরিবেশে কাইট্টা কাছিমের প্রজনন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আইইউসিএন বাংলাদেশের দেশীয় পরিচালক নিয়াজ আহমেদ খান বলেন, উন্নয়নের জন্য সরকারকে এমন পদক্ষেপ নিতে হয়, যা পরিবেশবান্ধব নয়। সে জন্য এসব বিপন্ন পাখি ও কাছিম সংরক্ষণের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।এর আগে সকালে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও শোভাযাত্রার উদ্বোধন করেন শিল্পী হাশেম খান। শোভাযাত্রাটি টিএসসি থেকে শুরু হয়ে কলাভবন ঘুরে আবার টিএসসিতে এসে শেষ হয়। বিভিন্ন প্রকারের পাখি ও কাছিমের আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পায়।