বিপন্ন প্রজাতির হিমালয়ান শকুনটি মারা গেছে
মৌলভীবাজারে জনসাধারণের হাতে আটক হওয়া বিপন্ন প্রজাতির হিমালয়ান শকুনটি মারা গেছে। গত সোমবার রাত ১০টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া বন্য প্রাণী উদ্ধার কেন্দ্রে শকুনটি মারা যায়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার স্থানীয়ভাবে খবর পেয়ে রাজকান্দি বন বিভাগের লোকজন জেলার কমলগঞ্জ উপজেলার জালালিয়া গ্রামের একটি বাড়ি থেকে শকুনটিকে উদ্ধার করেন। পরে এটিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সুস্থ করে তোলার জন্য শকুনটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া বন্য প্রাণী উদ্ধার কেন্দ্রে রাখা হয়েছিল।
বন্য প্রাণী গবেষক তানিয়া খান বলেন, শকুন মাত্রই এখন বিপন্ন। বিশ্বে এটি বিপদাপন্ন প্রাণীর তালিকাতে আছে। এটিকে হিমালয়ান ভালচার বা বৃহত্তম গিদরি বা হিমালয়ান গৃধিনী বলা হয়ে থাকে। শীত মৌসুমে এদের বাংলাদেশে দেখা যায়।