হাকালুকি হাওরে বিষটোপ দিয়ে অতিথি পাখি হত্যায় শিকারিরা তৎপর হয়ে উঠেছে। এরই মধ্যে বিষটোপ দিয়ে তিন দফা পাখি হত্যার ঘটনা ঘটেছে। এতে বিপন্ন হয়ে পড়ছে হাকালুকির পাখির জগৎ। গতকাল রোববার মৃত পাখিসহ তিন শিকারিকে আটক করেছেন পরিবেশ অধিদপ্তরের গ্রাম সংরক্ষণ দলের সদস্যরা। পালিয়ে গেছে আরও চার পাখি শিকারি। শিকারিদের কাছ থেকে বস্তাবন্দী ৮০টি মৃত লেনজা হাঁস উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বড়লেখা থানায় গতকাল পরিবেশ আইনে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও শীত আসার সঙ্গে সঙ্গে হাকালুকি হাওরে অতিথি পাখি ফিরে আসা শুরু হয়েছে। একই সঙ্গে তৎপর হয়ে উঠেছে সংঘবদ্ধ শিকারিরা। অতিথি পাখি চরে বেড়ানোর স্থানের আশপাশে এই শিকারিরা ধান বা অন্যান্য খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে ফেলে রাখছে। এই বিষ মিশ্রিত খাদ্য খেয়ে মারা যাচ্ছে অনেক পাখি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে হাকালুকি হাওরের হাওরখাল বিলের পশ্চিম পারে বাঘের মুড়ি এলাকা থেকে বিষটোপ খেয়ে মারা যাওয়া পাখি বস্তাবন্দী করার সময় তিনজনকে আটক করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের গ্রাম সংরক্ষণ দলের সদস্য হাজি মোক্তার আলী ও হাওরখাল বিলের পাহারাদারেরা ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের কয়েস মিয়া, লিটন মিয়া ও দুলা মিয়াকে আটক করে। শিকারিদের বস্তায় আশিটি মৃত লেনজা হাঁস পাওয়া গেছে।পরিবেশ অধিদপ্তর কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, হাকালুকিতে পাখি আসার মৌসুম শুরু হতেই বিষটোপ দিয়ে তিন দফা পাখি হত্যার ঘটনা ঘটল। কয়েক দিন আগে এই হাওরের সিলেটের ফেঞ্চুগঞ্জের উপজেলার দিকে বিষটোপ দেওয়ার ঘটনা ঘটে। সেখানে মৃত অতিথি পাখি পাওয়া যায়। এর আগে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জুড়ীর দিকে বিষটোপ দিয়ে পাখি হত্যা করা হয়। এ দুই ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল বিষটোপ দিয়ে পাখি মারার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ ও কুলাউড়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ইসিএর (প্রতিবেশ সংকটাপন্ন এলাকা) ব্যবস্থাপনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বাদী হয়ে বড়লেখা থানায় আটক তিনজন ও পালিয়ে যাওয়া চারজনকে আসামি করে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৭(২) ধারায় মামলা করেছেন। এই আইনে ১০ লাখ টাকা জরিমানা, ১০ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। ইসিএর ব্যবস্থাপনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভিসিজির সদস্য ও বিলের পাহারাদার বস্তায় মৃত পাখি ভরার সময় তিনজনকে আটক করেছে। আরও চার শিকারি পালিয়ে গেছে। এ মৌসুমে এর আগে আরও দুবার বিষটোপ দিয়ে পাখি মারা হয়েছে।’ বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর বলেন, ‘পাখিসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’