বিপন্নপ্রায় মদনটাক উদ্ধার
পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ নদীর তীর থেকে অসুস্থ অবস্থায় একটি মদনটাক উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকেলে এলাকাবাসী পাখিটি উদ্ধার করে।
মদনটাক একটি বিপন্নপ্রায় প্রজাতির পাখি। ইংরেজি নাম ‘লেসার অ্যাডজুট্যান্ট’। বৈজ্ঞানিক নাম লেপ্টোপ্টাইলোস জোভানিকাস। এটি ‘সিকোনিডাই’ পরিবারভুক্ত বড় আকারের জলচর পাখী। এটি লম্বায় ৮৭ থেকে ৯৩ সেন্টিমিটার (৩৪-৩৭ ইঞ্চি)। পায়ের উচ্চতা ১১০ থেকে ১২০ সেন্টিমিটার। ওজন চার থেকে সাড়ে পাঁচ কিলোগ্রাম। মাথার তালু, কপাল, গলা পালকহীন। গলা লালচে বা হলুদ চামড়া দিয়ে আবৃত। ঠোঁট শক্ত ও রং ময়লাটে হলুদ। প্রজনন মৌসুমে ঠোঁটের গোড়া লালচে হয়। ওপরে পিঠ থেকে লেজ পর্যন্ত পালক উজ্জ্বল ধাতব কালো। লেজের প্রান্ত ময়লাটে সাদা। গলার নিচ থেকে লেজের তলা পর্যন্ত সাদাটে। পা ও পায়ের পাতা কালো। অপ্রাপ্তবয়স্ক মদনটাকের মাথায় ও ঘাড়ে পালক দেখা যায়। প্রধান খাবার মাছ, শামুক, ইঁদুর, ব্যাঙসহ নানা প্রজাতির সরীসৃপ।
প্রজনন মৌসুম জুন থেকে জুলাই। বাসা বাঁধে গাছের উঁচুতে। ডিম পাড়ে তিন-চারটি। ডিম ফুটতে সময় লাগে ২৮ থেকে ৩০ দিন। ছানা উড়তে শিখে ৫০ দিনের মধ্যে। অতিরিক্ত ওজনের কারণেই এরা বিপাকে পড়ে যায়।
গত বুধবার বিকেলে পাখিটিকে প্রথমে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এটি বন বিভাগের পঞ্চগড় কার্যালয়ে হস্তান্তর করা হয়। বর্তমানে এটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া পাখিটিকে প্রয়োজনীয় খাবার দেওয়া হচ্ছে। এটি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হবে।