বিপন্নপ্রায় শাকসবজি ও কৃষিপণ্য নিয়ে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপন্নপ্রায় কৃষিপণ্য ও জৈব শাকসবজি উৎপাদন এবং ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে গতকাল বুধবার মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা গ্রামে এক ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়। স্থায়িত্বশীল পরিবেশ রক্ষায় প্রাণবৈচিত্র্য ও জীবনযাত্রার এ উৎসবে বসে বিভিন্ন ধরনের গ্রামীণ খাবার ও শাকসবজির মেলা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এবং স্থানীয় বিভিন্ন কৃষক সংগঠন এ মেলার আয়োজন করে। গানে গানে কৃষকদের রাসায়নিকের পরিবর্তে জৈবসার প্রয়োগের উপকারিতা সম্পর্কেও জানানো হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মামুন-উর রশীদ বলেন, ‘ছোট্ট পরিসরে হলেও এ ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন দেশের প্রতিটি অঞ্চলে করা হলে আমাদের গ্রামীণ খাবার, শাকসবজি এবং কৃষিক্ষেত্রে অতীত ঐতিহ্য রক্ষায় বেশ ভূমিকা রাখবে।’