পাটপণ্য রপ্তানিতে সহযোগিতার জন্য আইডি গ্লোবালের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের এক বছর পর এ নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)।
মন্ত্রণালয় বলছে, ওই সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী কাজ করলে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে, বিজেএমসি বলছে, আইডি গ্লোবালকে সহযোগিতা করলে পাটপণ্য রপ্তানি বাড়বে। মন্ত্রণালয় ও বিজেএমসির এই বিপরীতমুখী অবস্থানের কারণে সহযোগিতা নেওয়ার বিষয়টি ঝুলে আছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির নথি থেকে জানা যায়, ১৯৮৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৩০ বছরে পাটপণ্য রপ্তানির পরিমাণ খুব একটা বাড়েনি। ১৯৮৩-৮৪ অর্থবছরে ৫ দশমিক ০৩ মেট্রিক টন পাটপণ্য রপ্তানি হয়েছিল। ২০১৩-১৪ অর্থবছরে রপ্তানি হয়েছে ৭ দশমিক ৮৯ মেট্রিক টন। ৩০টির বেশি দেশে এসব পাটপণ্য রপ্তানি হয়েছে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, রপ্তানি করা পাটপণ্যের ৮৮ শতাংশই বস্তা। এর ১৩-১৪ শতাংশ পণ্য রপ্তানি করে বিজেএমসি। বাকিটা রপ্তানি করেন বেসরকারি উদ্যোক্তারা। রপ্তানির পরও বছরে বিজেএমসির লোকসানের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা।
মন্ত্রণালয় ও বিজেএমসির সূত্র বলেছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিদেশে পাটপণ্য রপ্তানির সুযোগ বাড়াতে বিজেএমসি মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০১৪ সালের ২৪ জুলাই সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান আইডি গ্লোবালের সঙ্গে এমওইউ সই করে। তখন মন্ত্রণালয়ের সচিব ছিলেন ফণী ভূষণ চৌধুরী। এমওইউর শর্তে আছে, আইডি গ্লোবাল বাজারদরে বিজেএমসির কাছ থেকে পণ্য কিনে তা মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকায় বাজারজাত করবে। তারা বিজেএমসির সক্ষমতা বাড়াতে এবং পণ্যের গুণগত মান বাড়াতে সহযোগিতা করবে। একই সঙ্গে সরকারের কৌশলগত অংশীদার হিসেবে পাটপণ্য বিপণন ও প্রচার (ব্র্যান্ডিং) করবে এবং আন্তর্জাতিক বাজার যাচাই করে কী ধরনের পণ্যের চাহিদা আছে, তা নির্ধারণ করে বিজেএমসিকে পরামর্শ দেবে। এ জন্য তারা বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা পাবে। দূতাবাসগুলো বিভিন্ন দেশের আন্তর্জাতিক মেলায় অংশ নিতে আইডি গ্লোবালকে সহযোগিতা করবে। এর অংশ হিসেবে আইডি গ্লোবাল বিজেএমসিকে নিয়ে গত ১৮ থেকে ২৭ মার্চ কায়রোতে আন্তর্জাতিক মেলায় অংশ নেয়।
বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালেদ বলেন, বস্তার পরিবর্তে আকর্ষণীয় পাটপণ্য তৈরি করে তা বিদেশে রপ্তানি করতে পারলে ১০ গুণ বেশি আয় করা সম্ভব।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী জানান, আইডি গ্লোবাল সম্পর্কে তথ্য-উপাত্তের অভাব রয়েছে। প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ পরিচিতি নেই। তারা বিজেএমসির পণ্য কিনতে কেউ অগ্রিম দাম দিলে তা গ্রহণ করতে পারবে। এতে প্রতীয়মান হয়, প্রতিষ্ঠানটি কাজ শুরু করলে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকায় পাটপণ্য রপ্তানিতে বিজেএমসিকে আইডি গ্লোবালের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হবে, যা ব্যবসায়িকভাবে সরকারকে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে এ নিয়ে দুর্নীতির প্রশ্ন উঠতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ওই বৈঠকে আইডি গ্লোবালের বিষয়টি নিয়ে সচিব ও বিজেএমসির চেয়ারম্যানের মধ্যে তর্ক হয়।
আইডি গ্লোবালের বিষয়ে জানানোর জন্য মন্ত্রণালয় ২০ মে বিজেএমসিকে চিঠি দেয়। জবাবে ১১ জুন বিজেএমসি আইডি গ্লোবাল সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে মন্ত্রণালয়কে বলেছে সুইজারল্যান্ড, চীন, ভারত, স্পেন, মিসর, বুলগেরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে প্রতিষ্ঠানটির বিনিয়োগ আছে। বর্তমানে তারা এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ প্রসারের পদক্ষেপ নিয়েছে এবং বাংলাদেশের পাটপণ্যের বিষয়ে তাদের আগ্রহ আছে। এরপর মন্ত্রণালয় থেকে বিজেএমসিকে আর কিছু জানানো হয়নি। আইডি গ্লোবালের সহযোগিতা নেওয়া হবে কি না, সে বিষয়টি এখনো ঝুলে আছে।
পাট প্রতিমন্ত্রী মির্জা আজম প্রথম আলোকে বলেন, আসলে সচিব তাঁর কাজে স্বচ্ছ থাকতে চান। সচিব মনে করেন, আইডি গ্লোবালকে সরকারের অংশীদার করা হলে এ নিয়ে পরবর্তী সময়ে দুর্নীতির অভিযোগ উঠতে পারে।
আইডি গ্লোবালকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আইডি গ্লোবালের সুনাম আছে। তাদের নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় যেসব প্রশ্ন তুলেছে তা অবান্তর। বরং আইডি গ্লোবাল চলে গেলে পাটপণ্য রপ্তানির একটি বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে।
সংসদীয় কমিটির নথি থেকে জানা যায়, আপত্তি তুললেও বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস যাতে আইডি গ্লোবালকে সহযোগিতা করে সে বিষয়ে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রণালয় ২৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়। ৫ মে পররাষ্ট্র মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে বলেছে, সমঝোতার উদ্দেশ্য, পরিধি ও আওতা সম্পর্কে জানার পর ব্যবস্থা নেওয়া যাবে। এ বিষয়ে তারা পাট মন্ত্রণালয়ের মতামত চায়। কিন্তু এখনো কোনো মতামত দেওয়া হয়নি।
বিজেএমসির চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘বাজার অর্থনীতিতে সরকার নিজে ব্যবসা না করে বেসরকারি প্রতিষ্ঠানকে সুযোগ দেয়। এখানে হচ্ছে উল্টো। আমরা পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য কিছু করতে পারছি না। সেখানে আইডি গ্লোবাল দুটি পণ্য বেশি বিক্রি করতে পারলে তাতে বিজেএমসিই লাভবান হবে। এ জন্য আইডি গ্লোবাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসগুলোকে নির্দেশনা দিতে বারবার তাগিদ দিচ্ছে। কিন্তু কিছুই হচ্ছে না।’
সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, আইডি গ্লোবাল সরকারের অংশীদার নয়, কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে। এতে সরকারের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই। বরং লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি।
এ বিষয়ে জানতে একাধিক দিন সচিব ফরিদ উদ্দিনের দপ্তরে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে খুদে বার্তা ও একাধিকবার ফোন করেও তাঁর সাড়া পাওয়া যায়নি।