রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে পরস্পরবিরোধী অবস্থানে বাংলাদেশ ও মিয়ানমার। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে ১০টি বিষয়ে সিদ্ধান্ত হলেও একতরফাভাবে আনান কমিশনের সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রসঙ্গটি মিয়ানমার বাদ দিতে বলেছে। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে মিয়ানমারের পুলিশপ্রধান লিখিতভাবে বিষয়টি স্বরাষ্ট্রসচিবকে জানিয়েছেন। যদিও ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে।
২৭ অক্টোবর স্বরাষ্ট্রসচিবকে এই চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এসব শব্দ দেশটির স্টেট কাউন্সিলর অফিসের সঙ্গে মানানসই নয়।
চিঠির সত্যতা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, ‘আমরা তাদের স্পষ্ট করে বলে দেব, আনান কমিশনের প্রসঙ্গ বাদ দিলে আমরা তা মানব না।’
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের মিয়ানমার সফরের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ের বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। এতে ১০ দফা প্রস্তাবে দুই দেশ রাজি হয়। মিয়ানমারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানোও হয়। পরে মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজের মাধ্যমে ‘যৌথ সংবাদ বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে, সেখানে ১০ দফায় কফি আনান কমিশনের প্রসঙ্গটি বাদ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, শরণার্থী প্রত্যাবাসন নিয়ে যতক্ষণ দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হচ্ছে, ততক্ষণ এই ইস্যুতে কোনো কাজই শুরু করা যাবে না। তবে সবচেয়ে বড় বাধা হচ্ছে অবকাঠামোগত এবং রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাইয়ে সক্ষমতার অভাব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ ভাষণে দেওয়া পাঁচ দফার ভিত্তিতে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। এসব বিষয়ে মিয়ানমারের সঙ্গে এখনো আলোচনা চলছে।