বিপরীতমুখী অবস্থানে সরকার সমর্থক দুই শিক্ষক ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবির বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সরকার-সমর্থক দুই শিক্ষক ফোরাম বিপরীতমুখী অবস্থান নিয়েছে। গতকাল রোববার দুপুরে এক পক্ষ প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্যের অপসারণের’ দাবিতে অবস্থান কর্মসূচি ও অপর পক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ‘বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পাঁয়তারা’ চলছে দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়, প্রত্যক্ষদর্শী ও সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’-এর শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। পরে সেখানেই ওই অংশের নেতাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান শ্যামল, রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ সামসুল আলম ও সহকারী প্রক্টর মো. মিরাজুল ইসলাম বক্তব্য দেন। বেলা সোয়া একটার দিকে সভা শেষে ২৩ জুন উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এদিকে বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক সভা আহ্বান করে সরকার-সমর্থক শিক্ষকদের অপর অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তাচর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’। ফোরামের আহ্বায়ক অধ্যাপক আখতারুল ইসলামের সভাপতিত্বে এ সভা হয়। সভা শেষে গণিত বিভাগের প্রধান অধ্যাপক মো. রাশেদ তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার যে পাঁয়তারা চলছে, সে বিষয়ে ওই শিক্ষক ফোরামের সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং পরিস্থিতির ওপর তীক্ষ্ণ পর্যবেক্ষণ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতার প্রশ্নে যেকোনো কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তও হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই শিক্ষক ফোরামের আহ্বায়কের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সামগ্রিক বিষয়ে আলোচনার জন্য বেলা আড়াইটার দিকে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে।
যোগাযোগ করা হলে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তাচর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ-এর আহ্বায়ক অধ্যাপক আখতারুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রেণিকক্ষ ও শিক্ষকদের বসার কক্ষ কে কতটি পাবে, তা নিয়ে পদার্থবিজ্ঞান ও পুর এবং পরিবেশ (সিইই) বিভাগের দুই শিক্ষকের দ্বন্দ্ব ছিল। পরে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষকের পক্ষ নিয়ে পদার্থবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ (জিইই) বিভাগের বেশ কয়েকজন শিক্ষক এ বিষয়ে কথা বলতে গত ১২ এপ্রিল উপাচার্যের দপ্তরে যান। এ সময় উপাচার্যের স্ত্রীর অসুস্থতার খবর এলে তিনি তাঁদের বেশি দিতে চাননি। এ নিয়ে একজন শিক্ষক উত্তেজিত হয়ে ও উচ্চ স্বরে কথা বলতে শুরু করেন। তখন উপাচার্য সবাইকে সংযত আচরণ করতে বলেন। বিষয়টিকে শিক্ষকদের উপাচার্যের ‘অপমান’ হিসেবে অভিহিত করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য দুই মাসের ছুটিতে যান। ছুটি শেষে ২৪ জুন তাঁর কাজে যোগদানের কথা রয়েছে।