বিপর্যয়ের শিকার নারী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উপকূলের নারীরা হিমশিম খাচ্ছেন। এতে মা ও শিশুর অপুষ্টি এবং মৃত্যুহার বেড়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল—ইউএনএফপিএর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রতি সাতজনের একজন নারী জলবায়ু বিপর্যয়ের শিকার।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রভাবে নারীরা বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এতে নারীর ওপর সংসারের দায়িত্ব বেড়ে গেছে। প্রতিকূল পরিবেশে খাদ্য প্রস্তুত, জ্বালানি ও পানি সংগ্রহের জন্য বেশি শ্রম দিতে হচ্ছে তাঁদের। ঝড়-জলোচ্ছ্বাসের সময় নারীরা শিশু ও গৃহস্থালি জিনিসপত্র রক্ষার চেষ্টা করায় অনেক নারী ও শিশু মারা যান। সরকারি হিসাবে, ঘূর্ণিঝড় সিডরে সারা দেশে তিন হাজার ৪৪৭ জন মারা যায়। এর মধ্যে বরগুনায় মারা যায় এক হাজার ৫৪০ জন। নিহতদের ৭০ ভাগই নারী ও শিশু।
খাওয়ার পানির সংকট: লবণাক্ততা বেড়ে যাওয়ায় উপকূলে ভূ-গর্ভস্থ পানিতে এর প্রভাব পড়েছে। উপকূলে মিঠাপানি দুষপ্রাপ্য হয়ে উঠছে। ফলে বেশির ভাগ পরিবারের নারীরা মাইলের পর মাইল হেঁটে খাওয়ার পানি সংগ্রহ করেন।
বরগুনার পাথরঘাটা উপজেলার টেংরা গ্রামের আমেনা বেগমের স্বামী মনা বেপারি সকালে উঠে কাজের সন্ধানে বেরিয়ে যান। তাই বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে ও খাল পাড়ি দিয়ে তাঁকে প্রতিদিন খাওয়ার পানি আনতে হয়। এই গ্রামের শতাধিক পরিবারের নারী এভাবে প্রতিদিন পানি সংগ্রহ করেন।
বাড়ছে শিশু ও প্রসূতি মৃত্যু: পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ডব্লিউএআরপিও) দেওয়া উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা পরিকল্পনা প্রতিবেদন অনুযায়ী, বরিশাল বিভাগের নারীরা প্রজনন স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে। সারা দেশে ৯২ ভাগ নারী ঘরে বসে সন্তান প্রসব করেন। উপকূলে সেই হার ৯৬। এর মধ্যে বরিশালে ৬৮ ভাগ নারী কোনো রকম প্রজনন সেবা পান না। স্বাস্থ্য অধিদপ্তরের ২০০৩ সালের তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকায় মাতৃমৃত্যু হার ছিল প্রতি হাজারে পাঁচজন। এই হার প্রতি লাখে ১৯৪ জনে নামিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে তা সম্ভব হয়নি।
প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, গত তিন বছরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সাড়ে তিন হাজার মা ও শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তিন বছরে এ হাসপাতালে প্রাণ হারান ২৯৫ জন প্রসূতি। এর মধ্যে ২০১২ সালে ৯৫ জন, ২০১১ সালে ১১২ এবং ২০১০ সালে ৮৮ জন প্রসূতির মৃত্যু হয়। ২০১২ সালে জন্মকালে ৫১৪ শিশুর মৃত্যু হয়। অর্থাৎ ওই বছর ৬০৯ জন প্রসূতি ও শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। একই বছর হাসপাতালটিতে সাত হাজার ৫৭৭ জন প্রসূতি চিকিৎসা নিয়েছিলেন। সরকারি হিসাবে বরিশাল বিভাগে বর্তমানে মাতৃ ও শিশুমৃত্যু হার প্রতি লাখে ১৯৪ জন। বাস্তবে মাতৃ ও শিশুমৃত্যু হার বহুগুণ বেশি।
এটাকে অস্বাভাবিক মন্তব্য করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আকবর হোসেন প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকির মুখে পড়েছেন নারীরা।নিরাপদ পানি, খাদ্য ও পরিবেশগত বৈরিতায় নানামুখী স্বাস্থ্যঝুঁকি বেড়েছে।