সরকারি মদদেই অভিযোগ গঠন: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সরকারি মদদেই দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
গতকাল বুধবার দুটি মামলায় খালেদা জিয়া ও তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের এক দিন পর আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইনি লড়াইয়ের পাশাপাশি বিএনপি রাজনৈতিকভাবেও এ বিষয়টি মোকাবিলা করবে। কর্মসূচির বিষয়ে পরে জানানো হবে। বিএনপি মনে করে, দলের শীর্ষ নেতাকে মানসিকভাবে বিপর্যস্ত করা ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই অভিযোগ গঠন করা হয়েছে।
রিজভী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগ গঠন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করার সরকারের কুটিল চক্রান্তের অংশ।
রিজভী বলেন, অভিযোগ গঠন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে হয়নি। বিএনপির চেয়ারপারসন আদালতে উপস্থিত ছিলেন, অথচ অভিযোগ গঠনের বিষয়ে কোনো প্রস্তাব উত্থাপন করা হয়নি। সে বিষয়ে কোনো শুনানিও হয়নি। দোষী না নির্দোষ, তা জিজ্ঞাসাও করা হয়নি।
উপজেলা নির্বাচনে নিজেদের পক্ষে ফল নিতে সরকার পিরোজপুর, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, যশোরসহ বিভিন্ন জায়গায় হামলা-মামলা নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘মিথ্যা বিজয়ের গরিমা লাভের জন্য সরকার ব্যাপক সহিংসতার আশ্রয় নিয়ে অধিকাংশ উপজেলা চেয়ারম্যান পদ ছিনিয়ে নিচ্ছে।’
সরকারকে হুঁশিয়ার করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন যদি বন্দুকের তপ্ত বুলেটে দমন করা হয়, তাহলে পাল্টা ব্যবস্থাও হবে লৌহকঠিন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, বরকতউল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতকাল বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ ছাড়া একই আদালতে বিচারাধীন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও খালেদা জিয়াসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দুটি দায়ের করে।