বিপর্যস্ত নগরজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বর্ষণে নগরের বেশির ভাগ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরের অনেক এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সড়কে গাড়ি চলাচলও বন্ধ হয়ে গেছে। রেললাইনে পানি ওঠায় গতকাল সন্ধ্যার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল বিকেলের পর থেকে কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল নগরের বাকলিয়া, চান্দগাঁও, আগ্রাবাদ সিডিএ ও হালিশহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর অন্ধকারে নিমজ্জিত হয় এলাকাগুলো।প্রবল বর্ষণের কারণে গতকাল বেশির ভাগ এলাকার বাসিন্দারা ঘর থেকে বের হতে পারেনি। এ কারণে অফিস-আদালতে উপস্থিতি ছিল খুব কম। বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে অঘোষিত ছুটি পালিত হয়েছে। অনেক ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ ছিল। নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা আবেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাসার সামনের রাস্তায় কোমরসমান পানি ওঠায় আমি আগ্রাবাদের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়ে যেতে পারিনি। তাই মঙ্গলবার অফিস ছুটি ঘোষণা করি।’ এদিকে সকালের দিকে ইপিজেড এলাকার বিভিন্ন কারখানায় কাজ হলেও বিকেলে গোটা এলাকা পানিতে তলিয়ে যায়। ফলে নির্দিষ্ট সময়ের এক-দেড় ঘণ্টা আগে ইপিজেডের কারখানাগুলোয় ছুটি ঘোষণা করা হয়। তবে কালুরঘাট ও নাসিরাবাদ এলাকার বেশির ভাগ কারখানায় কাজ বন্ধ ছিল। কারণ, গতকাল সকালেই ওই এলাকা কোমর থেকে বুকসমান পানিতে তলিয়ে যায়। গতকাল প্রবল বর্ষণের কারণে বেশির ভাগ এলাকা তলিয়ে যাওয়ায় খাদ্যপণ্যের গুদামে পানি ঢুকেছে। এতে নগরের অলংকার মোড়, মাঝিরঘাট, খাতুনগঞ্জ ও সীতাকুণ্ড এলাকার গুদামের খাদ্যশস্য নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে গতকাল রাত পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায়নি। চট্টগ্রাম ওয়্যারহাউস কমিশন এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি নিয়াজ রহমান প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টিতে অনেক গুদামে পানি ঢুকে গেছে। আমাদের আশঙ্কা, ক্ষয়ক্ষতি ব্যাপক হতে পারে। তবে বুধবার সকালের দিকে এ ব্যাপারে সঠিক ধারণা পাওয়া যাবে।’এদিকে গতকাল বিকেল সাড়ে তিনটা থেকে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার ও বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শাহ আমিন পরিবহনের মালিক আহমদ নবী প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি ও পাহাড়ি ঢলে চন্দনাইশের হাশিমপুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক তলিয়ে যায়। এ কারণে আমরা গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছি। তবে সারারাত বৃষ্টি না হলে বুধবার ভোর নাগাদ সড়ক যোগাযোগ স্থাপন সম্ভব হতে পারে।’