বিপর্যস্ত হয়ে পড়েছে জেএমবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী বোমা হামলার ষষ্ঠ বার্ষিকী আজ ১৭ আগস্ট। ২০০৫ সালের এই দিনে ৬৩টি জেলায় একযোগে প্রায় ৫০০ বোমা ফাটিয়ে আলোড়ন তোলে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, সেই ঘটনার ছয় বছর পর সাঁড়াশি অভিযানের মুখে বর্তমানে নিষিদ্ধ দলটির অবস্থা এখন বিপর্যস্ত।দেশব্যাপী হামলার দিন জেএমবি প্রচলিত শাসন ও বিচারপদ্ধতি বাতিল করে ‘আল্লাহর আইন কায়েমের’ দাবি জানিয়ে প্রচারপত্রও ছড়ায়। সেই আতঙ্ক ছড়ানো হামলার পর ২০০৫ সালের ৩ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত জেএমবির জঙ্গিরা বিভিন্ন স্থানে সাত দফা আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে দুই বিচারক, আইনজীবী, পুলিশসহ ২৩ জন নিহত হন। এর আগেই সে বছরের ২৩ ফেব্রুয়ারি নিষিদ্ধ করা হয়েছিল দলটিকে।মূলত আত্মঘাতী হামলাগুলোর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেএমবির বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে নামে। জেএমবির ‘মজলিসে শুরা’র সদস্যদের ধরিয়ে দেওয়ার জন্য সরকার তখন পুরস্কারও ঘোষণা করে। পরে ২০০৫ সালের ১৩ ডিসেম্বর থেকে পরের বছরের ২৬ এপ্রিলের মধ্যে শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ জেএমবির শীর্ষস্থানীয় সাত নেতা ধরা পড়েন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে শায়খ রহমান, বাংলা ভাইসহ শীর্ষস্থানীয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ জঙ্গির ফাঁসি কার্যকর হয়। এরপর হবিগঞ্জের মাওলানা সাইদুর রহমানের নেতৃত্বে জেএমবি পুনর্গঠিত হয়।পুলিশ সদর দপ্তরের জঙ্গি দমন-সংক্রান্ত বিশেষ একটি দল গত বছরের ২৪ মে জেএমবির আমির মাওলানা সাইদুর রহমানকে (৫১) তিন সহযোগীসহ রাজধানীর পূর্ব দনিয়া থেকে গ্রেপ্তার করে। সাইদুর গ্রেপ্তারের পর জেএমবির উত্তরাঞ্চলের বিভাগীয় প্রধান ভাগিনা শহীদ ওরফে নাজমুল ওরফে আনোয়ার আলম ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব নেন। গত বছরের ১২ জুলাই বগুড়ায় ভাগিনা শহীদকেও পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর টানা অভিযানের মুখে জেএমবির নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। গত ছয় বছরে জেএমবির এক হাজার ১৯২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোর অবস্থা: আইনশৃঙ্খলা বাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, ২০০৫ সালের ১৭ আগস্ট ও তারপর আত্মঘাতীসহ বিভিন্ন বোমা হামলার ঘটনায় জেএমবির জঙ্গিদের বিরুদ্ধে সারা দেশে ৩৪১টি মামলা হয়। এর মধ্যে ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় ১৪২টি ও ১৭ আগস্ট-পরবর্তী ঘটনায় ১৯২টি মামলা হয়। এসব মামলার মধ্যে ১৩৭টির রায় হয়েছে। এতে ৩৪ জনের মৃত্যুদণ্ড, ১৮৪ জনের যাবজ্জীবন ও ১২০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। ২২৪ জন খালাস পেয়েছেন। এখনো ১৮৭টি মামলা বিচারাধীন ও ১৭টি মামলা তদন্তাধীন আছে।