বিপর্যয় তদন্তে ৫ সদস্যের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

২০১৭ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় ২ লাখ ৬১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৫৬ জন

কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণ উদ্‌ঘাটনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুস ছালাম ওই কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক ও বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. ইলিয়াছ উদ্দিন আহাম্মদ গতকাল বুধবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে সারা দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লার ফল ছিল সবার নিচে। এ বোর্ডের পাসের হার ছিল ৬২ দশমিক ৮৩।

কমিটির অপর চার সদস্য হলেন বোর্ডের হিসাব ও নিরীক্ষা শাখার উপপরিচালক মো. সানাউল্লাহ, উপসচিব (একাডেমিক) নূর মোহাম্মদ, উপবিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান ও মো. জাহিদুল হক।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে যান কুমিল্লা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুস ছালাম। তখন ফল বিপর্যয়ের কারণ উদ্‌ঘাটনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে ২ জানুয়ারি কমিটি গঠন করা হয়। কমিটিকে জেএসসি পরীক্ষায় প্রায় ৩৮ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণ উদ্‌ঘাটন, ভবিষ্যতে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হার বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণ ও এ ব্যাপারে ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়। গতকাল সকালে কমিটির সদস্যরা এ নিয়ে বৈঠকে বসেন। এরপর তাঁরা প্রাথমিক আলোচনা করেন।

এদিকে এ কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার বিশিষ্ট নাগরিকেরা। তাঁরা বলছেন, ফল ভরাডুবি নিয়ে কুমিল্লা বোর্ডের বিরুদ্ধে অভিযোগ, অথচ নিজেদের লোক দিয়েই কমিটি গঠিত হলো। এর আগে ২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয় নিয়েও কমিটি হয়েছিল। তখনো বোর্ডের কর্মকর্তারা কমিটিতে ছিলেন। ওই কমিটির সুপারিশ কোনো কাজে লাগেনি। উল্টো পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।

জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, ‘কুমিল্লা শিক্ষা বোর্ডে সুশাসনের অভাব লক্ষ করা যাচ্ছে। ২০১৭ সালের তিনটি পাবলিক পরীক্ষায় এ বোর্ডের ফল ছিল দেশের সব বোর্ডের নিচে। পরীক্ষা ব্যবস্থাপনায় গলদ থাকার কারণে অন্যান্য বোর্ডের তুলনায় এ বোর্ডের গড় পাসের হারের ব্যবধান অনেক বেশি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরকে নতুন করে ঢেলে সাজানো না হলে সামনে একই পরিণতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের কমিটি আগেও হয়েছে, সুপারিশও দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজে লাগেনি।’

গত ৩০ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ২০১৭ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় ২ লাখ ৬১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৫৬ জন। পাসের হার ৬২ দশমিক ৮৩। এর মধ্যে ইংরেজি পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৬১ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী। পাস করেছে ১ লাখ ৮৫ হাজার ২৩ জন ও ইংরেজিতে ৭৬ হাজার ৬৮১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। গণিতে ২ লাখ ৬১ হাজার ৭০৪ জন পরীক্ষা দিয়ে ফেল করেছে ৪৫ হাজার ৯১৫ জন। ইংরেজি ও গণিতে বিপুলসংখ্যক পরীক্ষার্থী ফেল করায় সামগ্রিক পাসের হারে ব্যত্যয় ঘটেছে।

তদন্ত কমিটির আহ্বায়ক ও বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, ‘চিঠি পাওয়ার পর আমরা বসেছি। প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে।’

বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুস ছালাম বলেন, ‘পরীক্ষার ফল বিপর্যয়ের কারণ উদ্‌ঘাটনের জন্য কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’